বাজেট নিয়ে ডিএসইর প্রতিক্রিয়া

পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়ায় অংশীজনদের মধ্যে আশার সঞ্চার

অর্থনৈতিক রিপোর্টার

পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়ায় অংশীজনদের মধ্যে আশার সঞ্চার

নতুন করে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ইতিবাচক বলে মন্তব্য করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।

বিজ্ঞপ্তিতে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের সক্রিয় আগ্রহ ও আন্তরিকতা সাম্প্রতিক বিভিন্ন নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। প্রথমবারের মতো পুঁজিবাজার-বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ এবং অর্থমন্ত্রীর বিভিন্ন বক্তব্যে পুঁজিবাজারের প্রতি বিশেষ গুরুত্বারোপ বাজার-সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার ও ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রেগুলেটরি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারে প্রস্তাবিত বাজেটে গৃহীত উদ্যোগ দেশের পুঁজিবাজারের আধুনিকায়নে একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান। তিনি বলেন, এ উদ্যোগের ফলে বাজার পরিচালনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বৃদ্ধি পাবে এবং একটি সমন্বিত, কার্যকর ও শক্তিশালী বাজার অবকাঠামো গড়ে উঠবে, যা দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এনআইটিএ হিসাব পরিচালনা প্রক্রিয়া সহজ করার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, এ উদ্যোগ পুঁজিবাজারে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাজারের গভীরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিএসই ইতোমধ্যে বিদ্যমান টি+২ সেটেলমেন্ট ব্যবস্থা থেকে টি+১ এবং পর্যায়ক্রমে টি+০ সেটেলমেন্ট ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগ বাস্তবায়ন হলে লেনদেন নিষ্পত্তি আরো দ্রুত, নিরাপদ ও দক্ষ হবে এবং আন্তর্জাতিক মানসম্মত বাজার অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে।

পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গৃহীত উদ্যোগ ও বিশেষ গুরুত্বারোপের জন্য সরকারের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ডিএসই চেয়ারম্যান বলেন, ডিএসই বিশ্বাস করে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক মনোযোগ, কার্যকর নীতিগত সহায়তা এবং সময়োপযোগী সংস্কারমূলক পদক্ষেপ দেশের পুঁজিবাজার আগামী দিনে আরো গতিশীল, গভীর ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হবে এবং বাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি আরো শক্তিশালী হবে।

এ প্রেক্ষাপটে উদ্ভাবনী প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক, স্বচ্ছ ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ডিএসই প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন চেয়ারম্যান।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...