ফেব্রুয়ারি মাসে পিছিয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ মাসে বাংলাদেশের পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) সামান্য ধীরগতির সম্প্রসারণে গিয়ে ৬৪ দশমিক ৬-এ রেকর্ড করেছে। একই সঙ্গে অর্থবছরের অষ্টম মাসে এসে সব প্রধান অর্থনৈতিক খাত সম্প্রসারণ সূচক প্রকাশ করেছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) পিএমআই ফেব্রুয়ারি মাসের রিপোর্ট গতকাল রবিবার প্রকাশ করেছে। পিএমআই সূচকের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক ও সময়োচিত বিশ্লেষণ পাওয়া যায়। যাতে ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে।
পিএমআইর ফেব্রুয়ারি মাসের সূচক আগের মাসের তুলনায় ১ দশমিক ১ পয়েন্ট কমে কিছুটা ধীর সম্প্রসারণের হার ৬৪ দশমিক ৬ রেকর্ড করেছে। এই সর্বশেষ পিএমআই সূচক নির্মাণ ও সেবা খাতে ধীর গতি এবং কৃষি ও উৎপাদন খাতে দ্রুত সম্প্রসারণের কারণে হয়েছে বলে এমসিসিআইর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কৃষি খাতে টানা ৫ মাসের সম্প্রসারণ হয়েছে। অন্য খাতগুলোর তুলনায় এটিই সবচেয়ে বেশি সম্প্রসারণ হয়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, ইনপুট খরচ এবং অর্ডার ব্যাকলগ সূচকের দ্রুত সম্প্রসারণ রেকর্ড হয়েছে। কর্মসংস্থান সূচক ধীর সংকোচনের হার প্রকাশ করেছে ফেব্রুয়ারিতে।
উৎপাদন খাত টানা ৬ মাসের সম্প্রসারণ বজায় রেখেছে। এ খাত দ্রুত সম্প্রসারণ হার প্রকাশ করেছে। নতুন অর্ডার, কারখানার উৎপাদন, ইনপুট ক্রয় এবং সরবরাহকারী ডেলিভারি সূচকের দ্রুত সম্প্রসারণ রেকর্ড হয়েছে। তবে নতুন রপ্তানি, সমাপ্ত পণ্য, আমদানি এবং কর্মসংস্থান সূচকের ধীর সম্প্রসারণ রেকর্ড হয়েছে। অর্ডার ব্যাকলগ সূচক দ্রুত সংকোচনের হার প্রদর্শন করেছে।
নির্মাণ খাত টানা ৩ মাসের সম্প্রসারণ বজায় রেখেছে, তবে এ খাত এগিয়েছে ধীর গতিতে। নতুন ব্যবসা এবং নির্মাণ কার্যক্রম সূচক ধীর সম্প্রসারণ রেকর্ড করেছে, যেখানে ইনপুট খরচ সূচকের দ্রুত সম্প্রসারণ দেখা গেছে। কর্মসংস্থান সূচক সম্প্রসারণে ফিরে এসেছে এবং অর্ডার ব্যাকলগ সূচক ধীর সংকোচনের হার প্রকাশ করেছে।
সেবা খাত টানা ৫ মাসের সম্প্রসারণ বজায় রেখেছে, তবে এটিও এগিয়েছে ধীর গতিতে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মসংস্থান সূচকের ধীর সম্প্রসারণ রেকর্ড হয়েছে। এ খাতের অর্ডার ব্যাকলগ সূচক সংকোচনে ফিরে এসেছে এবং ইনপুট খরচ সূচকের দ্রুত সম্প্রসারণ দেখা গেছে।
কৃষি, উৎপাদন, নির্মাণ এবং সেবা - সব প্রধান খাতে ভবিষ্যৎ ব্যবসা সূচকের ধীর সম্প্রসারণ রেকর্ড হয়েছে।
পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও মাশরুর রিয়াজ বলছেন, “বাংলাদেশের পিএমআই সূচক টানা পাঁচ মাসের স্থায়ী সম্প্রসারণ নির্দেশ করে, যা রপ্তানি বৃদ্ধির ধারাবাহিকতা এবং কৃষিতে মৌসুমী প্রবৃদ্ধি দ্বারা চালিত হয়েছে। তবে নির্মাণ এবং সেবা খাতে ধীর সম্প্রসারণ দেখা গেছে। দুর্বল চাহিদা, জ্বালানি বিভ্রাট এবং চলমান বিক্ষোভের কারণে ব্যবসায়িক আস্থা কম। টেকসই পুনরুদ্ধার আইনশৃঙ্খলার উন্নতি, নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক ঐকমত্য এবং অগ্রাধিকারমূলক সংস্কারের দ্রুত বাস্তবায়নের উপর নির্ভর করে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

