দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকায়।
শনিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
আজ বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৫০৭ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৯৯ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকায়।
গত কয়েক দিনে স্বর্ণের দামে একাধিকবার ওঠানামা হয়েছে। ২৩ নভেম্বর প্রতি ভরিতে দাম বাড়ানো হয় ৩ হাজার ১৪৯ টাকা এবং ২৪ নভেম্বর বাড়ে ১ হাজার ৫৭৫ টাকা। এরপর ২৫ নভেম্বর দাম কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। তবে ২৬ ও ২৭ নভেম্বর পরপর দুই দিন ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়।
সর্বশেষ ২৭ নভেম্বরের সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। সেদিন ২১ ক্যারেটের দাম ৯৯২ টাকা বেড়ে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭৫ টাকা বেড়ে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৭০০ টাকা বেড়ে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হবে ৩ হাজার ৩৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



