এফবিসিসিআইয়ের আশাবাদ

কোরিয়ার সঙ্গে সিপা চুক্তি দুদেশের বাণিজ্য আরো সুদৃঢ় করবে

কোরিয়ার সঙ্গে সিপা চুক্তি দুদেশের বাণিজ্য আরো সুদৃঢ় করবে
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। ফাইল ছবি

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিপা) সফলভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টিকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। এই চুক্তির মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরো বাড়ার পাশাপাশি উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই প্রশাসক এই আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে মো. ফজলুল হক বলেন, বর্তমানে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার আমদানি-রপ্তানির মধ্যে, বাংলাদেশ কোরিয়া থেকে আমদানি করে ৯০৩ মিলিয়ন ডলার পণ্য এবং রপ্তানি করে ৪৯২ মিলিয়ন ডলারের পণ্য। এতে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়ায় প্রায় ৪১১ মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

এফবিসিসিআই প্রশাসক বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ পণ্য (৮ হাজার ৪২৮টি) কোরিয়ার উন্নত বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে। এতে করে বাংলাদেশের গারমেন্টসসহ অন্যান্য পণ্যের কোরিয়ার বাজারে রপ্তানি বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি; যা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে সহায়ক হবে। একই সঙ্গে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কারিগরি সহযোগিতা বহুগুণ বাড়বে।

মো. ফজলুল হক আরো বলেন, দক্ষিণ কোরিয়া সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় ১২ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক আমদানি করে, যার মাত্র ৩ শতাংশ বাংলাদেশ থেকে রপ্তানি হয়। নতুন এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি যেমন বহুগুণ বাড়বে, পাশাপাশি অন্যান্য পণ্য যেমন চামড়াজাতপণ্য, জুতা, ওষুধ, কৃষিপণ্য ইত্যাদি রপ্তানির জন্য এই বাজার উন্মুক্ত হবে। ফলে আমাদের সামগ্রিক রপ্তানি বাড়াতে দক্ষিণ কোরিয়ার বাজার বড় ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

অত্যন্ত দ্রুততা ও সাফল্যের সঙ্গে এই সিপা চুক্তি সম্পাদনের জন্য বাণিজ্যমন্ত্রী ও তার দপ্তরের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে অন্যান্য দেশের সঙ্গে আরো বৃহৎ পরিসরে বাণিজ্য চুক্তি সফলতার সঙ্গে সম্পন্ন করা সহজ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন