এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। বর্তমানে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ কমে হয়েছে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। মোট রিজার্ভ থেকে বিভিন্ন ধরনের দায়দেনা বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবর মাসের জন্য আকুর ১৬৪ কোটি ডলারের আমদানি বিল পরিশোধ করা হয়েছে। এর আগের দুই মাসে পরিশোধ করা হয়েছিল ১৩৯ কোটি ডলার। মূলত আমদানি বৃদ্ধির কারণে আকুর বিলের পরিমাণ বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। আকুর বিল পরিশোধের পর বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে।
অন্যদিকে, আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, বুধবার রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে।
আকু এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে সদস্য নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। তবে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

