বন্ধ শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল

সরাসরি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন গ্রাহক

সরাসরি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন গ্রাহক

বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিমের অর্থ ছাড়ের প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ স্কিমের আওতায় গ্রাহককে প্রথমে নিজেদের তহবিল থেকে ঋণ দেবে ব্যাংকগুলো। ঋণ বিতরণের পর বাংলাদেশ ব্যাংকের কাছে পুনঃঅর্থায়নের আবেদন করতে হবে। আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিয়ে গ্রাহককে ঋণ দেওয়ার ব্যবস্থা ছিল।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক্‌-অর্থায়ন স্কিম’-এর নাম পরিবর্তন করে ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম’ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের আওতায় ঋণ বিতরণের আগে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অথবা নির্বাহী কমিটির অনুমোদন নিতে হবে। ঋণ বিতরণের পরবর্তী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কাছে পুনঃঅর্থায়নের আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে আবেদন করা সম্ভব না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ থাকবে।

এ ছাড়া ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে আগে প্রকল্প ঋণ নিয়েছেন, সেই ব্যাংক থেকেই এ স্কিমের আওতায় ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ঋণের অর্থের সব ধরনের লেনদেন গ্রাহকের এসক্রো অথবা রেভিনিউ হিসাবে মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নতুন নির্দেশনায় ঋণগ্রহীতার বিষয়ে যাচাই-বাছাইয়ের শর্তও যুক্ত করা হয়েছে। ঋণপ্রত্যাশী গ্রাহক অতীতে অর্থপাচার, জালিয়াতি, তহবিল অন্য খাতে সরিয়ে নেওয়া কিংবা ঋণের অর্থের অপব্যবহার করেননি—এ মর্মে ব্যাংককে তার কাছ থেকে ঘোষণাপত্র নিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন