ব্যক্তি শ্রেণির আয়করমুক্ত সীমা বাড়ছে। তবে এ সীমা বাড়বে আগামী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য। বর্তমানে ব্যক্তি করদাতার সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রয়েছে। আগামী অর্থবছরের জন্যও আয়করমুক্ত সীমা একই থাকছে। অর্থাৎ বছরে সাড়ে ৩ লাখ টাকা আয়ের জন্য কোনো ধরনের আয়কর দিতে হবে না। তবে আগামী ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরের জন্য আয়করমুক্ত সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় আয়করমুক্ত সীমা বাড়ানোর প্রস্তাব করেন। বাজেট প্রস্তাবনা অনুযায়ী, গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত 'জুলাই যোদ্ধা' করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে কৃষিখাত থেকে কোনো স্বাভাবিক ব্যক্তির আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকুরীজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অংকের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।
এছাড়া নতুন করদাতাদের ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

