১০ হাজার ডলার বিদেশে বিনিয়োগ করতে পারবে স্টার্টআপ কোম্পানি

১০ হাজার ডলার বিদেশে বিনিয়োগ করতে পারবে স্টার্টআপ কোম্পানি

স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠান ১০ হাজার ডলার বিদেশে একটি মাত্র কোম্পানি গঠনের জন্য পাঠাতে পারবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবাসী প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংকে আবেদন করে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে। একই পদ্ধতিতে ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদেরকে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেয়া হয়েছে। এক্ষেত্রে আবেদনকারীদের উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণসহ পরবর্তিতে বাংলাদেশে বিনিয়োগ ও আয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে।

এতে আরও বলা হয়েছে, ছোট আকারের বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নিবাসী কোম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ার/সিকিউরিটিজের সঙ্গে বিদেশি কোম্পানির শেয়ার সোয়াপের মাধ্যমে বিদেশে বিনিয়োগ সুযোগ দিয়েছে। এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হবে না। বিদেশে বিনিয়োগ প্রস্তাবনা বিবেচনায় ক্ষেত্রে শেয়ার/সিকিউরিটিজের সোয়াপ অনুপাত বিশ্বব্যাপী উত্তম চর্চার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এটি পরিবর্তিত পরিস্থিতিতে মূলধনী হিসাবের লেনদেন উন্মুক্ত করার প্রথম পদক্ষেপ।

খাত সংশ্লিষ্টরা বলেন, নতুন বিধিব্যবস্থা বিদেশে স্থাপিত কোম্পানির মাধ্যমে দেশে প্রত্যক্ষ বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে, যা বিদেশে বিনিয়োগ বাবদ পাঠানো অর্থের তুলনায় বেশি হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন