দেশের ব্যাংকগুলোকে পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করার জন্য সর্বোচ্চ ৩০০ টাকা ফি বা চার্জ নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংক কর্তৃক অনুমোদিত ডিলার (এডি) শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ আদায় করা হচ্ছে। পাশাপাশি পৃথকভাবে সার্ভিস ফি বা চার্জ অথবা কমিশন আদায় করার কারণে ব্যাংক হতে বৈদেশিক মুদ্রা ক্রয়ে গ্রাহক নিরূৎসাহিত হচ্ছে।
ফলে এখন থেকে বৈদেশিক মুদ্রা ক্রয়ে উৎসাহিত করার লক্ষ্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করা যাবে। এছাড়া এনডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোন ধরনের সার্ভিস ফি বা চার্জ অথবা কমিশন বা অনুরূপ যে কোন নামে অতিরিক্ত কোন ফি বা চার্জ অথবা কমিশন আদায় করা যাবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

