জ্বালানি সংকটে চাপে পড়েছে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পকারখানা। বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়লেও বাড়ছে না উৎপাদন। কমেছে শ্রমিকের সংখ্যা, নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার হারও। ব্যবসায়িক পরিস্থিতি নিয়েও আশাবাদী নন অধিকাংশ উদ্যোক্তা। এমন পরিস্থিতিতে আগামী তিন মাসে উৎপাদন সামান্য বাড়ার প্রত্যাশা করছেন তারা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক’-এর প্রথম দফার জরিপে এ চিত্র উঠে এসেছে। ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকের ১০০টি মাঝারি ও বৃহৎ শিল্পকারখানার তথ্যের ভিত্তিতে এ জরিপ করা হয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় চলতি বছরের এপ্রিল-জুনে শিল্পের প্রকৃত উৎপাদন প্রায় অপরিবর্তিত ছিল। এ সময়ে উৎপাদন কমেছে দশমিক ৮ শতাংশ। উৎপাদন সক্ষমতার গড় ব্যবহারও ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে নেমেছে। তবে খাতভেদে পরিস্থিতির পার্থক্য রয়েছে। টেক্সটাইল শিল্পে সক্ষমতার ব্যবহার ৭০ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশ হয়েছে এবং উৎপাদন কমেছে ২০ শতাংশ। বিপরীতে তৈরি পোশাক (আরএমজি) খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
শিল্পের উৎপাদন ও ব্যয় পরিস্থিতিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে। গ্রিডের বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারখানাগুলোতে দৈনিক গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে, যা ২০২৫ সালের দ্বিগুণ। একই সময়ে গ্যাসের দৈনিক গড় বিভ্রাট শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় দাঁড়িয়েছে।
বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তুষ্ট কারখানার হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে যেখানে ৩৮ শতাংশ কারখানা বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট ছিল, এখন তা মাত্র ৭ শতাংশ। এর পাশাপাশি প্রতি কারখানায় জ্বালানি ব্যয় ৫ শতাংশ এবং পরিবহন ব্যয় ১০ শতাংশ বেড়েছে। জরিপে ৯৪ শতাংশ কারখানা কাঁচামালের দাম বৃদ্ধির কথা জানিয়েছে।
জ্বালানি ও উৎপাদন ব্যয়ের চাপের প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। জরিপ অনুযায়ী, ১০০টি কারখানায় মোট শ্রমিকের সংখ্যা ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০-তে নেমেছে। নতুন নিয়োগ এবং চাকরি ছাড়ার হার—দুটিই ১৯ শতাংশ কমেছে। নতুন নিয়োগের বেশির ভাগই নতুন কর্মসংস্থান সৃষ্টি না করে চাকরি ছেড়ে যাওয়া শ্রমিকের শূন্যস্থান পূরণে ব্যবহৃত হচ্ছে।
এদিকে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে উদ্যোক্তাদের মনোভাবও দুর্বল। আগের তিন মাসের তুলনায় নিজ কারখানার বর্তমান পরিস্থিতি মূল্যায়নের পাঁচটি সূচকের সব কটিই ৫০-এর নিচে রয়েছে। এসব সূচকের মান ৩৬ থেকে ৪৩-এর মধ্যে। তবে আগামী তিন মাসের প্রত্যাশা সূচক ৪৯ থেকে ৫৪-এর মধ্যে রয়েছে। এতে উৎপাদন পরিস্থিতির অবনতি থামার এবং সামান্য উৎপাদন বৃদ্ধির আশা করছেন উদ্যোক্তারা।
বিআইডিএস-বিসিআইয়ের এ সূচকে শিল্পের চারটি বিষয় আলাদাভাবে মূল্যায়ন করা হয়। এগুলো হলো উৎপাদন, উপকরণের প্রাপ্যতা ও দাম, কর্মসংস্থান এবং ব্যবসায়িক মনোভাব। শিল্পনীতি ২০২২ অনুযায়ী, মাঝারি ও বৃহৎ শিল্পের মোট উৎপাদনের প্রায় ৮০ শতাংশ প্রতিনিধিত্বকারী ১৪টি উপখাতের ১০০টি কারখানাকে এ জরিপের স্থায়ী প্যানেলে রাখা হয়েছে।
সূচকটির লক্ষ্য হলো প্রচলিত সরকারি পরিসংখ্যানের পাশাপাশি কারখানাভিত্তিক তথ্যের মাধ্যমে শিল্পখাতের স্বল্পমেয়াদি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা। এতে উৎপাদন, ব্যয়, কর্মসংস্থান ও ব্যবসায়িক প্রত্যাশার পরিবর্তন সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

