উদ্যোক্তা তৈরিতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ

উদ্যোক্তা তৈরিতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণ, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতিদরিদ্রদের জন্য ৭,২৪৫ কোটি টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ৫০০ কোটি টাকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া অর্থে কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা সৃষ্টির জন্য ৫,০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কার্যক্রমে এ অর্থায়ন করা হবে। এর মাধ্যমে স্বল্পআয়ের জনগোষ্ঠীর দক্ষতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে ৫০০ কোটি টাকার সরকারি বরাদ্দের ভিত্তিতে পিকেএসএফ একটি বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম গ্রহণ করেছে। এ অর্থায়নের আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য ‘সৌরশক্তি’ নামে বিশেষায়িত ঋণ নীতিমালা অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

এছাড়া পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর অনুকূলে ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ বিভিন্ন খাতে প্রায় ২,০০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন