টানা আট মাস পতন

মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার

মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ

টানা আট মাস ধরে নিম্নমুখী বাংলাদেশের রপ্তানি আয় মার্চ মাসেও উল্লেখযোগ্যভাবে কমেছে। সদ্য সমাপ্ত মাসে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছর আগে ছিল ৪ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই–মার্চ) দেশের মোট রপ্তানি আয় কমে ৩৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নেমেছে। গত অর্থবছরের একই সময়ে এ অংক ছিল ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এ সময়ে সামগ্রিক রপ্তানি ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে, যা ধারাবাহিক দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। আলোচ্য সময়ে এ খাতে আয় ৫ দশমিক ৫১ শতাংশ কমে ২৮ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে আগের বছর একই সময়ে আয় ছিল ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলার। মোট রপ্তানি আয়ের বড় অংশ এ খাত থেকে আসায় এর ধীরগতি সামগ্রিক আয়েও চাপ তৈরি করছে।

ইপিবির বিশ্লেষণে বলা হয়েছে, চলতি অর্থবছরে অধিকাংশ প্রধান খাতেই প্রবৃদ্ধি কমেছে। তবে হিমায়িত ও জীবিত মাছ, চামড়া এবং প্রকৌশল পণ্য খাত কিছুটা ইতিবাচক অবস্থানে রয়েছে, যা সামগ্রিক পরিস্থিতিতে সীমিত সহায়তা দিয়েছে।

রপ্তানি খাতে এই চাপের পেছনে বৈশ্বিক নানা কারণ কাজ করছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। যুক্তরাষ্ট্র–ইসরাইল ও ইরান সংশ্লিষ্ট উত্তেজনা জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়িয়েছে, ফলে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মত বড় বাজারগুলোতে ক্রয়ক্ষমতা কমেছে।

এর ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস পেয়েছে এবং অনেক ক্ষেত্রে রপ্তানি আদেশ স্থগিত বা বাতিল হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি খাতে চাপ আরও বাড়তে পারে।

উল্লেখ, চলতি অর্থবছরের শুরুতে জুলাই মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা গেলেও পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য উদ্বেগজনক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন