আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিএসইর সূচক সমন্বয়

যুক্ত হচ্ছে দুর্বল মৌলভিত্তির ৬ কোম্পানি: বাদ পড়লো পাঁচ ইসলামী ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

যুক্ত হচ্ছে দুর্বল মৌলভিত্তির ৬ কোম্পানি: বাদ পড়লো পাঁচ ইসলামী ব্যাংক

বছরের লেনদেন পর্যালোচনায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে নতুন করে যুক্ত হচ্ছে ৯ কোম্পানি। যুক্ত হওয়া ৯টি কোম্পানির মধ্যে ৬টিই হচ্ছে দুর্বল মৌলভিত্তির। অপরদিকে সূচক থেকে বাদ পড়ছে ১৬ কোম্পানি। এরমধ্যে রয়েছে ইসলামী শরিয়াহভিত্তিক বহুল আলোচিত পাঁচ ব্যাংক। ইতোমধ্যে এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে এবং লেনদেনও বন্ধ রয়েছে।

প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি তালিকাভুক্ত ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটিও সমন্বয় করা হয়েছে। এ সমন্বয়ে তিনটি কোম্পানি নতুন করে যুক্ত হচ্ছে এবং তিনটি কোম্পানি বাদ পড়ছে।

বিজ্ঞাপন

সূচক সমন্বয়ের এ সিদ্ধান্ত আগামী ১৮ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে।

ডিএসইর তথ্যানুযায়ী, সূচক সমন্বয়ে যুক্ত হওয়া ৯টি কোম্পানির মধ্যে দুর্বল মৌলভিত্তির (জেড ক্যাটাগরিভুক্ত) ৬টি কোম্পানি হলো- বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক ও ঝিল-বাংলা সুগার। বাকী ৩টি কোম্পানি হচ্ছে- হা-ওয়েল টেক্সটাইল, নর্দার্ন ইসলামী ইনস্যুরেন্স ও শার্প ইন্ডাস্ট্রিজ।

অপরদিকে সূচক থেকে বাদ পড়া ১৬টি কোম্পানির মধ্যে রয়েছে বহুল আলোচিত পাঁচ ইসলামী ব্যাংক। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এ পাঁচটি ব্যাংক একীভূতকরণের মাধ্যমে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। আর তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয় এবং এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ করে দেওয়া হয়। অপর যেসব কোম্পানি তালিকা থেকে বাদ পড়েছে সেগুলো হলো- অ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড ক্যাপিটাল, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যানলিমা ইয়ার্ন, হামিদ ফেব্রিকস, মেঘনা পিইটি, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ফনিক্স ফাইন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং ও বেক্সিমকো।

এ ছাড়া বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানি তিনটি হলো: মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম স্টিলস ও ফাইন ফুডস। আর এই সূচক থেকে বাদ পড়া কোম্পানি তিনটি হলো: হাইডেলবার্গ সিমেন্ট, জিপিএইচ ইস্পাত ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন