অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে (এএমএল/সিএফটি) সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি পারস্পরিক তথ্য বিনিময়ের ক্ষেত্রেও সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তফসিলি ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ক্যামেলকো) নিয়ে বিএফআইইউর একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।
বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএফআইইউ-সংক্রান্ত বিভিন্ন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব তথ্য বাইরে চলে আসায় সংস্থাটি বিব্রত। এ কারণে ব্যাংকগুলোর ক্যামেলকোদের ডেকে তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়ে সতর্ক করা হয়েছে।
জানতে চাইলে বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, এএমএল ও সিএফটি ফ্রেমওয়ার্ক সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকসহ সব রিপোর্টিং এনটিটি এই কাঠামোর গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। তাদের আলাদাভাবে দেখার সুযোগ নেই; বরং তারা পুরো কাঠামোরই একটি বর্ধিত অংশ।
তিনি বলেন, যেকোনো এএমএল ও সিএফটি কাঠামোর অন্যতম প্রধান শর্ত হলো তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করা। পারস্পরিক তথ্য বিনিময়ের ক্ষেত্রে এ গোপনীয়তা অবশ্যই বজায় রাখতে হবে। তথ্যের গোপনীয়তা রক্ষা করা না গেলে আসন্ন মিউচুয়াল ইভালুয়েশনে এটি বাংলাদেশের জন্য নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে।
সম্প্রতি সালমান মুক্তাদির-সংক্রান্ত তথ্য দ্রুত গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিএফআইইউর তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সালমান মুক্তাদিরের বিষয়টি নয়, সামগ্রিকভাবে ব্যাংকগুলোকে তথ্যের গোপনীয়তা রক্ষায় সতর্ক করা হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

