স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খোলার বয়সসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর আগে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাই কেবল এই সুবিধা পেতেন।
সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নতুন নীতিমালা জারি করেছে।
নীতিমালায় বলা হয়েছে, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টধারীরা এখন থেকে ক্রেডিট কার্ড সুবিধাও পাবেন। এতদিন তারা শুধু ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারতেন। পাশাপাশি, এতদিন ‘স্কুল ব্যাংকিং’ নামে পরিচিত এই সেবা এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচালিত হবে।
বর্তমানে এটিএম বুথ থেকে মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করা যায়। নতুন নীতিমালা অনুযায়ী, অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করা যাবে। উল্লেখ্য, আগের নীতিমালায় মাসিক উত্তোলনের সীমা ছিল সর্বোচ্চ ৫ হাজার টাকা। এ ছাড়া শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ স্থিতি হতে পারবে ৩ লাখ টাকা।
বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে গমনকারী শিক্ষার্থীদের আর আলাদা স্টুডেন্ট ফাইল বা অ্যাকাউন্ট খুলতে হবে না। এ ক্ষেত্রে স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টই ব্যবহার করা যাবে। কোনো শিক্ষার্থী বৈধ পথে প্রাপ্ত রেমিট্যান্স এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। এ ছাড়া উচ্চশিক্ষার প্রয়োজনে শিক্ষা–সংক্রান্ত উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুবিধাও থাকবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

