দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের গহনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এখন এক ভরি ২২ ক্যারেটের গহনা কিনতে খরচ হবে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ২ হাজার ১০০ টাকা কমে বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম এক হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এর আগে গতকাল সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৮০৮ টাকা কমিয়ে এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।
চলতি মাসে স্বর্ণের দাম কয়েক দফায় কমেছে। গতকালের আগে আরেক দফায় ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



