সংকটে থাকা পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এখন চাইলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে একীভূত করা বা অবসায়নের মতো পদক্ষেপ নিতে পারবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজল্যুশনের আওতায় আনার অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ব্যাংক লুটপাট ও অনিয়মের কারণে সংকটে পড়েছে, তার মধ্যে অন্যতম পদ্মা ব্যাংক। শুরু থেকেই ব্যাংকটির কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ। এমনকি অনুমোদন পাওয়ার আগেই ব্যাংকটি অফিস খুলে লোকবল নিয়োগ দিতে শুরু করেছিল।
পরবর্তী সময়ে সম্পর্কের ভিত্তিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ করে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন ব্যাংকটির উদ্যোক্তারা। ফলে চার বছর না পেরোতেই সংকটে পড়ে ব্যাংকটি। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ২০১৭ সালে পদ ছাড়তে বাধ্য হন ব্যাংকটির চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তখন ব্যাংকটিকে বাঁচাতে মূলধন সহায়তা দেয় সরকারি চার ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন চৌধুরী নাফিজ সরাফাত। তবে এত কিছুর পরও গ্রাহকদের আস্থা ফেরেনি। শেষ পর্যন্ত ২০২৪ সালের শুরুতে ব্যাংকটি ছেড়ে চলে যান নাফিজ সরাফাতও। ব্যাংকটিকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নানা ধরনের সুবিধা দেওয়া হলেও শেষ পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারেনি পদ্মা ব্যাংক।
বর্তমানে ব্যাংকটির মূলধন ঋণাত্মক, ঋণের ৯২ শতাংশ খেলাপি, সুদ আয় ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতিও সংকটাপন্ন। অর্থাৎ আর্থিক সক্ষমতার প্রায় সব সূচকেই ব্যাংকটির অবস্থা নাজুক। স্বল্প সময়ের মধ্যে এ পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনাও নেই।
এ অবস্থায় গত বছর তৎকালীন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন ব্যাংকটিকে একীভূত বা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টকে সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হয়। মঙ্গলবার পর্ষদের অনুমোদনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু হলো।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এখন ব্যাংকটির বিভিন্ন আর্থিক সূচক পর্যালোচনা করা হবে। একই সঙ্গে করা হবে নিরীক্ষা। ব্যাংকটির বর্তমান সংকটের জন্য কারা দায়ী, তা চিহ্নিত করা হবে। নিরীক্ষা প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

