দেশের ব্যাংকিং খাতে সুশাসনের অভাবে কেবল আর্থিক প্রতিষ্ঠানগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, চরমভাবে বঞ্চিত হচ্ছেন সাধারণ গ্রাহকরাও। ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে যথাযথ সেবা না পেলে গ্রাহকদের অভিযোগ জানানোর কার্যকর কোনো ব্যবস্থা নেই। এমনকি ব্যাংকিং খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় নির্দিষ্ট কোনো অভিযোগ নিষ্পত্তি ফোরামও গড়ে ওঠেনি। এমতাবস্থায় ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ গ্রাহকদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘করপোরেট সুশাসন শুধু বেসরকারি খাতের জন্য নয়, সরকারের জন্যও সমানভাবে প্রযোজ্য। একটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানটি যাদের সেবা দেয়, তাদের অধিকারও সমানভাবে সুরক্ষিত করতে হবে।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে করপোরেট সুশাসন ও স্বচ্ছতা চর্চায় অনন্য অবদান রাখা দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও কোম্পানিকে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
ব্যাংকিং খাতে সুশাসন ও গ্রাহক অধিকার:
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘২০০১ সালে তৎকালীন বিএনপি সরকার ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালনা পর্ষদে পরিচালকদের সংখ্যা কমিয়েছিল। একই পরিবারের একাধিক সদস্যের পরিচালক হওয়ার ক্ষেত্রেও একটি যৌক্তিক সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এসব যুগোপযোগী বিধান পরিবর্তন করার ফলে আজ ব্যাংকিং খাতে কী ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমরা সবাই প্রত্যক্ষ করছি। সুশাসনের অভাবে অনেক ব্যাংকের ব্যবস্থাপনা ও সামগ্রিক আর্থিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘করপোরেট সুশাসন নিশ্চিত করা গেলে ব্যাংকের মালিক ও পরিচালকদের জবাবদিহির পাশাপাশি সাধারণ গ্রাহকদের মৌলিক অধিকারও প্রতিষ্ঠিত হবে। বর্তমানে ভোক্তা অধিকার সংরক্ষণে বিভিন্ন আইনি ব্যবস্থা থাকলেও ব্যাংকিং সেবার ক্ষেত্রে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির সুনির্দিষ্ট কোনো ফোরাম নেই। ব্যাংকের কোনো কর্মকর্তা যথাযথ আচরণ না করলে বা সেবা থেকে বঞ্চিত হলে গ্রাহকের প্রতিকার পাওয়ার সুনির্দিষ্ট ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।’
প্রশাসনিক জটিলতা দূর করার তাগিদ:
সরকারি প্রতিষ্ঠান ও প্রশাসনের ক্ষেত্রে সুশাসনের অপরিসীম গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় বিশ্বব্যাংকের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচক কোনো দেশের ব্যবসায়িক পরিবেশ মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড ছিল। ওই সূচকে বাংলাদেশের অবস্থান সবসময়ই অত্যন্ত নিচে ছিল। এর মূল কারণ ছিল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে জটিল প্রশাসনিক প্রক্রিয়া, লাইসেন্স, পারমিট, ছাড়পত্র ও অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে সমন্বয়হীনতা।
তিনি বলেন, ‘দেশে নতুন বিনিয়োগ করতে এসে উদ্যোক্তারা অনেক সময় নানা প্রশাসনিক জটিলতায় হতাশ হয়ে পড়েন। দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত করতে এসব জটিল প্রক্রিয়া দ্রুত সহজ করতে হবে। সরকারি সেবাগুলো অনলাইনে নিয়ে আসা এবং সেবা গ্রহণের ক্ষেত্রে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ যতটা সম্ভব কমিয়ে আনা প্রয়োজন। এগুলোই হলো সুশাসন প্রতিষ্ঠার প্রাথমিক ও অপরিহার্য শর্ত।’
আইসিএসবির ভূমিকা ও অ্যাওয়ার্ড প্রদান:
আইসিএসবির সার্বিক ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, গত ১৬ বছর ধরে প্রতিষ্ঠানটি করপোরেট সুশাসনের চর্চা ও মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কোম্পানি আইন সংশোধন এবং এই খাতের প্রাতিষ্ঠানিক অবস্থান সুদৃঢ় করার বিষয়ে আইসিএসবির প্রস্তাবগুলো সরকার অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করবে।
করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘করপোরেট সুশাসনে বিশ্বাসী প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই সংস্কৃতিকে আরও উৎসাহিত করা সম্ভব। এ ধরনের নান্দনিক উদ্যোগ দেশের করপোরেট খাতে সততা, পেশাদারিত্ব ও জবাবদিহি প্রতিষ্ঠায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে আইসিএসবির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ, করপোরেট খাতের প্রতিনিধিরা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধি এবং বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

