গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য ৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সরকারি বিনিয়োগ সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ ডিসেম্বর এ সুকুক নিলামের মাধ্যমে ইস্যু করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নে এ অর্থ ব্যবহার করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সুকুক বা ইসলামি বন্ড হলো শরিয়াহসম্মত আর্থিক সনদ। প্রচলিত ঋণভিত্তিক বন্ডের পরিবর্তে এটি কোনো বাস্তব সম্পদ বা নির্দিষ্ট ব্যবসায়িক প্রকল্পের অবিভাজ্য মালিকানার অংশীদারত্বের ভিত্তিতে ইস্যু করা হয়।
এটি সাধারণত ইজারা বা লিজ চুক্তির ভিত্তিতে পরিচালিত হয়। এতে বিনিয়োগকারীরা সম্পদের মালিকানা অর্জন করেন এবং সরকার বা ব্যবহারকারীর কাছে তা ভাড়া দেন। এর বিপরীতে বিনিয়োগকারীরা নির্ধারিত ভাড়া বা মুনাফা পান।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (বিজিআইএস) নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এটি এ ধরনের দ্বিতীয় স্বল্পমেয়াদি সুকুক। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম) সফটওয়্যারের মাধ্যমে এ নিলাম অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীনে গঠিত শরিয়াহ উপদেষ্টা কমিটির অনুমোদন নিয়ে সুকুকের প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা-সংক্রান্ত নথি চূড়ান্ত করা হয়েছে।
ইজারা বা লিজভিত্তিক পদ্ধতিতে এ সুকুক ইস্যু করা হবে। এর অভিহিত মূল্য ৩ হাজার কোটি টাকা। সুকুকের মেয়াদপূর্তির তারিখ আগামী বছরের ২ জুন। ১৮২ দিনে বিনিয়োগকারীরা মোট ১১২ কোটি টাকা মুনাফা পাবেন। বার্ষিক হিসাবে মুনাফার হার দাঁড়াবে ৭ দশমিক ৫০ শতাংশ। মেয়াদ শেষে এককালীন এ অর্থ পরিশোধ করা হবে।
এর আগে দেশের প্রথম স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক সুকুক ইস্যু করা হয়েছিল। ওই সুকুকে নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০ গুণ বেশি বিনিয়োগের প্রস্তাব জমা পড়েছিল।
বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে, এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এ ছাড়া দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং আমানত বিমা তহবিলও এ সুকুকে বিনিয়োগ করতে পারবে। তবে এসব বিনিয়োগকারীকে বাংলাদেশ ব্যাংকে হিসাব রয়েছে এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে হবে।
আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে এসএসএম সফটওয়্যারের মাধ্যমে বিনিয়োগকারীরা দরপত্র জমা দিতে পারবেন। সুকুকের বিনিয়োগকারী পরিচিতি বা এসআই আইডি ব্যবহার করে ন্যূনতম ১০ হাজার টাকার গুণিতকে দর প্রস্তাব করতে হবে। নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীরা একই দিন বিকেল ৩টায় নিজ নিজ আইডিতে বরাদ্দ করা সুকুক দেখতে পাবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

