নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার কাঞ্চন বাজার-চরহাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চর জব্বার ইউনিয়নের হাজী গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭), আদর্শ গ্রাম বেঁড়িবাধ এলাকার আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) ও পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ৩ আরোহী গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত শামীমকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল ব্রিজ থেকে ৩ আরোহী মোটরসাইকেল নিয়ে নামার সময় টার্নিং এ বালির স্তুুপ থেকে রক্ষার চেষ্টায় বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছে পড়ে। দুর্ঘটনার শিকার আহতদের সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুই কিশোরের মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। সুবর্ণচরে নিহত দুজনের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাজিব আহমেদ চৌধুরী জানান, সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে জেনারেল হাসপাতালে আনা হয়েছে, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় পেয়েছে। নিহতের লাশ এখন হাসপাতাল মর্গে রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

