বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আধিপত্যবাদ মেনে নেবে না। যারা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে দেশের রাজনীতি ও স্বার্থকে প্রভাবিত করতে চায়, তাদের অপতৎপরতা রুখে দিতে হবে। জামায়াতের নেতাকর্মীরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করেন।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত জেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমির অ্যাডভোকেট সামছ উদ্দিনকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ।
নবনির্বাচিত জেলা আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল হান্নান এবং উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল কবির ও অ্যাডভোকেট নুরুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুস সাত্তার, মো. শাহ আলম ও ডা. হারুনুর রশিদসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা জামায়াতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যরা। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী রুকনরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, আল্লাহকে সাক্ষী রেখে যারা দ্বীনি দায়িত্ব পালনের শপথ নিয়েছেন, তাঁদের শপথের মর্যাদা রক্ষা করতে হবে। দায়িত্ব ও কর্তব্য পালনে সততা, নিষ্ঠা এবং ত্যাগের মানসিকতা থাকতে হবে। শুধু সংগঠনের রুকন বা সদস্য হলেই প্রকৃত মুমিন হওয়া যায় না; এর জন্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে ইসলামী বিপ্লব সাধিত হবে। দেশের পথহারা মানুষ সঠিক পথের দিশা খুঁজছে। মানুষের সেই প্রত্যাশা পূরণে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সুনামগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। এ অঞ্চলের মানুষ সহজ-সরল ও সম্ভাবনাময়।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার প্রতিটি এলাকায় প্রার্থী দেওয়া এবং তাঁদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে সুনামগঞ্জে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যাশাও ব্যক্ত করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


