অবসায়নের বিষয়ে লিজিং কোম্পানিগুলো অবহিত নয়

অর্থনৈতিক রিপোর্টার

অবসায়নের বিষয়ে লিজিং কোম্পানিগুলো অবহিত নয়

অবসায়নের বিষয়ে অবহিত নয় বলে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে সংশ্লিষ্ট লিজিং কোম্পানিগুলো। পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটিসহ মোট পাঁচটি লিজিং কোম্পানি অবসায়নের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কিছু জানানো হয়নি। তবে আমার দেশসহ বেশকিছু গণমাধ্যমে পাঁচটি লিজিং কোম্পানি অবসায়নে পর্ষদের সিদ্ধান্তের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এদিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে লিজিং কোম্পানিগুলোর কাছে এ বিষয়টি জানতে চাওয়া হয়। ডিএসইর জিজ্ঞাসার প্রেক্ষিতে লিজিং কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।

অপরদিকে ডিএসইর পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের নিকট অবসায়নের সিদ্ধান্তের বিষয়টি জানতে চাওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির চিফ রেগুলেটরি অফিসার শফিকুল ইসলাম আমার দেশকে জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সিদ্ধান্তের বিষয়টি জানানো হলে লিজিং কোম্পানিগুলোর লেনদেন স্থগিতের বিষয়ে করণীয় নির্ধারণ করবে স্টক এক্সচেঞ্জ। তার আগ পর্যন্ত লিজিং কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্টক এক্সচেঞ্জে চলবে এবং আজ বুধবার সকাল থেকে লেনদেন চলছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স এবং আভিভা ফাইন্যান্সকে অবসায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে আভিভা ব্যতিত অপর চারটি লিজিং কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত।

খেলাপী ঋণের কারণে লিজিং কোম্পানিগুলো বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এসব আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শরীয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের কারণে সেগুলোর লেনদেন স্থগিত করা হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন