নোয়াখালীর হাতিয়ায় পুলিশের হাত থেকে হত্যা মামলার এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ গিয়ে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় আটক করা সম্ভব হয়নি।
পালিয়ে যাওয়া ওই আসামির নাম নিজাম উদ্দিন (৫৫)। তিনি উপজেলার সুখচর ইউনিয়নের চরআমানউল্যা গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য। তিনি ২০২৫ সালে হাতিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার ৩ নম্বর আসামি। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলার গ্রেফতারে পরোয়ানা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় হাতিয়া থানার উপরিদর্শক (এসআই) বারীর নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য আসামি নিজাম উদ্দিনকে আটক করতে রামচরণ বাজারে যান। তাঁরা স্থানীয় এনসিপি কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করে নিয়ে আসার সময় তাঁর স্বজন ও অনুসারীরা গতিরোধ করেন। একপর্যায়ে তাঁরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে জোরপূর্বক তাঁকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, পালিয়ে যাওয়া নিজাম উদ্দিন এক সময় রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যক্রমে যুক্ত রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী জানান, ঘটনার কিছু সময় পর আসামির স্বজনরা পুলিশের ব্যবহৃত হাতকড়াটি ফিরিয়ে দিলেও রাতের দিকে পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বাজারে এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পুলিশ তাঁকে গ্রেফতারের পর পরই কিছু উৎসুক জনতা ও স্বজনরা ভিড় করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই সুযোগে তিনি পালিয়ে যান। তবে তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

