অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন: ইউএনও কার্যালয়ের ব্যতিক্রমী বার্তা

অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন: ইউএনও কার্যালয়ের ব্যতিক্রমী বার্তা

সরকারি দপ্তরের দরজায় সাধারণ মানুষের জন্য যেন এক সহজ আমন্ত্রণ—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন।’ কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজায় এমন ব্যতিক্রমী বার্তা টাঙিয়েছেন ইউএনও আসাদুজ্জামান রনি।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমের দরজায় এমন দৃশ্য দেখা যায়। কার্যালয়ের প্রবেশপথে থাকা নেমপ্লেটের পাশে লেখা রয়েছে—‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’ এর মাধ্যমে সেবাপ্রত্যাশীদের জুতা খুলে রাখা কিংবা কক্ষে প্রবেশের আগে আলাদা অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো এবং সেবাপ্রত্যাশীদের সহজে ইউএনওর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট্ট এই বার্তার মাধ্যমে সরকারি দপ্তরকে সাধারণ মানুষের জন্য আরও উন্মুক্ত ও সহজলভ্য করার ভাবনা প্রকাশ পেয়েছে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হন। কেউ কেউ দালালদের দ্বারস্থ হয়ে নানা ভোগান্তিতে পড়েন। বরুড়া ইউএনওর কার্যালয়ের এই বার্তা সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াবে।

আরেক স্থানীয় বাসিন্দা শওকত আলী বলেন, এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা ও সৌজন্যবোধ বজায় রাখার পাশাপাশি জনবান্ধব পরিবেশ তৈরিতে এমন নির্দেশনা সত্যিই প্রশংসার দাবিদার। ইউএনও মহোদয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা জানাই।

সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে এবং সরকারি দপ্তরে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, এমন জনবান্ধব পদক্ষেপ প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় ও মানবিক করে তুলবে।

এ বিষয়ে বরুড়া উপজেলার ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্যই তৈরি। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাঁদের প্রয়োজনের কথা খোলামেলা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে। আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন কোনো ভোগান্তি ছাড়া সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন—এটাই আমার মূল প্রত্যাশা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন