নো ইয়াবা, নো হেরোইন বাস্তবায়নের আহ্বান বিএনপি এমপির

নো ইয়াবা, নো হেরোইন বাস্তবায়নের আহ্বান বিএনপি এমপির

কক্সবাজারের উখিয়া-টেকনাফে ইয়াবা, হেরোইনসহ সব ধরনের মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, মাদক নির্মূল করতে হলে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এ ক্ষেত্রে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে উখিয়া উপজেলার কোটবাজারে র‍্যালি শেষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফে ‘নো ইয়াবা, নো হেরোইন’ বাস্তবায়ন করতে হবে। মাদক একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হতে হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে প্রতিরোধ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের উন্নয়ন ও কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংসদ সদস্য হিসেবে সরকার থেকে পাওয়া বরাদ্দের ৪০ শতাংশ যুবদলের নেতাকর্মীদের মাধ্যমে জনগণের কাছে বিতরণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বরাদ্দের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে জন্য নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী, উখিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব ও যুবনেতা সাদমান জামি চৌধুরীসহ যুবদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুর রহিম সিকদার ও সদস্যসচিব খাইরুল আমিনের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন