চিকিৎসা সরঞ্জাম ফেলে কোটি কোটি টাকা চুরি করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসা সরঞ্জাম ফেলে কোটি কোটি টাকা চুরি করেছে ফ্যাসিস্ট  সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ফরিদপুর ও বরিশালে ১৮ কোটি টাকা মূল্যের দুটি এমআরআই মেশিন ৯ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। একেকটি মেশিনের দাম প্রায় সাড়ে ১১ কোটি টাকা হবে। প্রতিটি মেশিন থেকে তারা ৭ কোটি টাকা চুরি করেছে। টেকনিশিয়ান কিংবা জনবল না থাকা সত্ত্বেও তারা সরঞ্জাম কিনে ফেলে রেখেছে। শুধু বিভিন্ন যন্ত্রপাতি কিনে এভাবে কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এখন এসব মেশিন ভাঙ্গারির কাছে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা যাবে না। যারা মাদকের সঙ্গে জড়িত এবং যারা মাদককে আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনতে হবে। কেউ জামিনে বের হয়ে আবার মাদক কর্মকাণ্ডে জড়ালে প্রয়োজন অনুযায়ী তাকে পুনরায় গ্রেপ্তার করতে হবে। যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে।

তিনি আরো বলেন, একটি জেলার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়ন—সবকিছু মিলিয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মানিকগঞ্জের স্বাস্থ্য খাতের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলার মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা, ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবলসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে গুরুত্ব দিতে হবে। প্রত্যন্ত এলাকার মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকেও নজর দিতে হবে। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আসবে এবং যাতে কোনো মানুষকে আর বিদেশে গিয়ে চিকিৎসা নিতে না হয়, সেভাবেই সরকার কাজ করছে।

তিনি স্মরণ করিয়ে দেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার; তাই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সঙ্গে ভালো আচরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরো অভিযোগ করেন, দেশে বিদ্যুৎ, সার, গ্যাস এবং তেলসহ নানাভাবে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিস্টের দোসররা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জেলার সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, মানিকগঞ্জের উন্নয়নে সরকারের চলমান উদ্যোগগুলোকে আরো কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি জেলা বিএনপিতে কোনো গ্রুপিং বা কোন্দলে না জড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত জেলার যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস।

এ ছাড়া জেলার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের কর্মকর্তা এবং জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন