আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে সাময়িক সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তের ফলে বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারীরা দৈনিক সর্বোচ্চ ১০টি লেনদেন করতে পারবেন, যেখানে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংক রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, এই সীমা ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়ে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনকেন্দ্রিক সময়ে এমএফএস এবং এনপিএসবি-এর আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার রোধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ৭২ ঘণ্টায় পি-টু-পি লেনদেনের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ লেনদেনের পরিমাণ হবে এক হাজার টাকা এবং লেনদেনের সংখ্যা সর্বোচ্চ ১০টি। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে। একই সময়ে অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া এই তিনদিন আইবিএফটির মাধ্যমে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে।
এতে আরো বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তা দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে হবে। এ ছাড়া নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে মোবাইল ব্যাংকিংয়ের সব ধরনের লেনদেন স্বাভাবিক নিয়মে পুনরায় চালু হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

