হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙনস্থান দেড় মাসেও মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে এক রাতের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মেরামতকৃত বাঁধ আবার ভেঙে প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে নদীর আশপাশের কমপেক্ষ ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
গতকাল রোববার সকালে খোয়াই নদীর বাঁধ মেরামতের স্থানে ভাঙন শুরু হয়। এর আগে গত শনিবার রাতে উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীতে পানি বৃদ্ধি পায়। এর আগে ৯ জুলাই রাত প্রায় ৯টার দিকে উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে কমপেক্ষ ৩০টি গ্রাম প্লাবিত হয়েছিল। এতে এলাকার বাসিন্দাদের শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয়রা জানান। পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারের কাজ শুরু করলেও কাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সময়মতো বাঁধের সংস্কার ও স্থায়ী প্রতিরোধব্যবস্থা নেওয়া হলে একই স্থানে ফের ভাঙনের ঘটনা এড়ানো সম্ভব হতো। কিন্তু দেড় মাসেও ভাঙনস্থান মেরামত না করায় উজানের ঢলের পানিতে আবার একই স্থান ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। যেভাবে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে।
উপজেলার দক্ষিণ চরহামুয়া, উত্তর চরহামুয়া, কালীগঞ্জ, সুঘর, আদ্যপাশা, নোয়াবাদ, হাতিরথান, কটিয়াদি, বৈদ্যের বাজার, বনগাঁও, দক্ষিণ বনগাঁওসহ ২০ গ্রামে পানি ঢুকে পড়েছে। এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে এবং পুকুর ও ফিশারি ভেসে যাচ্ছে বানের পানিতে।
স্থানীয় ইউনিয়নের বাসিন্দা এরশাদ আলী বলেন, দেড় মাস আগে একই স্থানে বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত হয়েছিল। মানুষ বহু কষ্টে দিনযাপন করেছে। এই শোক কাটতে না কাটতেই আবার একই স্থান ভেঙে যায়। এর কারণ ভাঙনস্থান মেরামতে ধীরগতি ও অনিয়ম-দুনীর্তি ছিল।
সরেজমিন দেখা যায়, শিশু, বৃদ্ধ, নারী ও গবাদিপশু নিয়ে মানুষ নিরাপদে যেতে ছোটাছুটি শুরু করেছে। তাদের চোখের সামনে বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে।
এদিকে, বিকাল ৩টার দিকে ধুলিয়াখাল-মিরপুর সড়কে পানি উঠে যায়। পানি বাড়তে থাকলে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যেতে পারে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, পানি বৃদ্ধির ফলে জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

