একেই বলে টেস্ট ব্যাটিং! এভাবেই উইকেটে গেঁথে থেকে ম্যাচ বাঁচাতে হয়। শ্রীলঙ্কান ব্যাটার সোনাল দিনুসা ব্যাট হাতে কলম্বো টেস্টে যা করলেন সেটা ব্যাটিং কোচিং ক্লাসের জন্য বড় উদাহরণ হয়ে থাকবে। দিনুসার অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্র করল শ্রীলঙ্কা। তবে কলম্বো টেস্ট বাঁচলেও দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে হারতে হলো স্বাগতিকদের। গলে প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতেছিল ভারত, তাতেই শেষ পর্যন্ত সিরিজ নিজেদের করে নিল সফরকারীরা।
সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে পঞ্চম ও শেষ দিনে শ্রীলঙ্কাকে ম্যাচ বাঁচানোর মূল কারিগর ছিলেন মিডলঅর্ডার ব্যাটার দিনুসা। ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে যখন দল চরম বিপদে পড়ে, তখন আবারও ত্রাতা হয়ে আসেন তিনি। অপরাজিত থাকেন ঝলমলে ১৩৩ রানে। তার এই ইনিংসেই শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
পঞ্চম এবং শেষ দিন শেষের সারির ব্যাটারদের নিয়ে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন দিনুসা। মানব সুথরা লাঞ্চের পর কেশারা নুয়ানথার সঙ্গে তার জুটি ভাঙার সময় লিড ছিল মাত্র ১১৭ রানের, হাতে তখনও বাকি প্রায় দুই সেশন। কিন্তু এরপর শেষ চার উইকেটে শ্রীলঙ্কার ব্যাটাররা মিলিয়ে ৪৯.২ ওভার প্রতিরোধ গড়ে ভারতের জয়ের সব সম্ভাবনা নস্যাৎ করে দেন। শেষদিনের এই ব্যাটিংকেই বলা যায় গোটা সিরিজের সেরা ব্যাটিং।
পুরো সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন দিনুসা। চার ইনিংসে তার রান যথাক্রমে ১০০, ৮৪, ১০৩ ও অপরাজিত ১৩৩, গড় ১৩৯.৬৬।
সিরিজ ১-০ ব্যবধানে জিতলেও গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট খোয়াতে হলো ভারতকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে স্বস্তি খুঁজে পাচ্ছে দল। দেবদূত পাডিক্কাল, মানব সুথরা ও ধ্রুব জুরেলের পারফরম্যান্স আগামী দিনের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ভারতকে।
কলম্বোর এই টেস্ট স্মরনীয় হয়ে থাকবে সোনাল দিনুসার অবিশ্বাস্য ধৈর্য আর নিচের সারির ব্যাটারদের অনমনীয় প্রতিরোধের বীরত্বে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৫০৩/৯ ডিক্লে, প্যাডিকাল ১১৭, জুরেল ১১৫, ফার্নান্দো ৪/১০৬)।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৯০/১০ (সোনাল দিনুসা ১০৩, কৃষ্ণা ৩/৫২, সুথার ৩/৮৫ এবং দ্বিতীয় ইনিংস: ৪২৯/৯ ডিক্লে: দিনুসা ১৩৩*, নুয়ান্থা ৪৬।
ফল: ম্যাচ ড্র।
ম্যাচসেরা: সোনাল দিনুসা। ।সিরিজ: ভারত ১-০ তে জয়ী। সিরিজ সেরা: দেবদূত প্যাডিকাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

