সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের বিচার দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের বিচার দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম

সিলেট নগরীর রায়নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছ নিহতের প্রবাসী কন্যারা। মানববন্ধন থেকে আগামী তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ সময় কান্নাজড়িত কণ্ঠে নিহত দম্পতির প্রবাসী কন্যারা তাদের মা-বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ প্রাঙ্গণে বৃহত্তর শাহী ঈদগাহবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক হেলাল চৌধুরী। স্থানীয় ব্যবসায়ী সোহাগ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নিহত দম্পতির কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা।

মানববন্ধনে নিহত পরিবারের সদস্যরা বলেন, গত ১২ আগস্ট সিলেট নগরীর রায়নগরের মিতালী এলাকায় অত্যন্ত নৃশংসভাবে তিনজনকে হত্যা করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ড সিলেটবাসীর পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও গভীরভাবে নাড়া দিয়েছে।

তারা বলেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে হত্যার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। ঘটনার দিন পুলিশের পক্ষ থেকে প্রেমের সম্পর্ককে হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হলেও পরে খারাপ ব্যবহারের কারণে হত্যার কথা বলা হয়। সর্বশেষ চুরির টাকা কিংবা বাসাভাড়ার টাকা জোগাড় করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে—এমন বক্তব্যও সামনে এসেছে। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে তাদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।

নিহতদের কন্যারা সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানি বা সাজা না পান, সে বিষয়েও তারা সতর্ক থাকার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সিলেটবাসীর মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা বলেন, আগামী তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বি মিল্লাত আহমেদ, সুয়েব আহমদ, রুবেল আহমেদ, ফাহিদ আহমদ, তানভীর আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন