দেশে স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে: সাইফুল হক

দেশে স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে: সাইফুল হক

দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, যারা নিজেদের উজাড় করে দিয়ে দেশ ও মানুষের জন্য সারাজীবন উৎসর্গ করবেন, এমন নিবেদিতপ্রাণ নেতৃত্বের অভাব আজ গভীরভাবে অনুভূত হচ্ছে।

সোমবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে দলটির প্রাক্তন সভাপতি কমরেড খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে আলী আব্বাসের প্রতিকৃতিতে সাইফুল হকের নেতৃত্বে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মিন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভাকাঙ্ক্ষী পলাশ চৌধুরী এবং খন্দকার আলী আব্বাসের ভাগ্নে শহীদুর রহমান রহমত উপস্থিত ছিলেন।

পরে ‘খন্দকার আলী আব্বাস ও তার রাজনৈতিক উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভার সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, কমরেড খন্দকার আলী আব্বাস ছিলেন ঠিক এই প্রকৃতির একজন মানুষ। তিনি ছিলেন দেশ ও মানুষের জন্য নিবেদিতপ্রাণ, স্বপ্নচারী ও আদর্শবাদী রাজনৈতিক নেতা। বৃহত্তর ঢাকা অঞ্চল, বিশেষ করে ঢাকা ও মানিকগঞ্জে তিনি ছিলেন কিংবদন্তিতুল্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং বামপন্থী রাজনীতির বিকাশে তার দীর্ঘদিনের ভূমিকা ছিল স্মরণীয়।

সাইফুল হক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যতিক্রম ছাড়া দেশের রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্ব ও আচরণে বড় কোনো পরিবর্তন আনতে পেরেছে, এমন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, রাজনীতি এখন দ্রুত ক্ষমতা ও অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিণত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দেড় বছরে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যেও ক্ষমতা ও ক্ষমতার মোহ জাগিয়ে তুলে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে অনেকটাই বিনষ্ট করা হয়েছে।

সাইফুল হক বলেন, কমরেড খন্দকার আলী আব্বাসের মতো নেতাদের রাজনৈতিক জীবন ও আদর্শ আজকের প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। দেশ ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করার যে রাজনৈতিক আদর্শ তিনি ধারণ ও চর্চা করেছেন, বর্তমান রাজনীতির সংকট উত্তরণে সেই আদর্শ ও মূল্যবোধ থেকে শিক্ষা নেওয়া জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন