বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলার ডুবির ঘটনায় সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনজন জেলে নিখোঁজ থাকলেও কয়েক ঘণ্টা পর তাদেরকেও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মিরের মালিকানাধীন ট্রলারটি ১০ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে অন্য একটি ট্রলারের মাধ্যমে জেলেদের জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—মেহেদী (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮), মো. শাকিল (৩৫), আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫) ও মো. মনির (৩৬)।

ট্রলারমালিক সোহেল মীর জানান, গত শুক্রবার কোড়ালিয়া থেকে সাগরে যান তারা। সোমবার আবহাওয়া বেশি খারাপ থাকায় সাগর থেকে ঘাটে ফিরে আসার সময় বঙ্গোপসাগরের মাঝামাঝি এসে ট্রলারের তলা ফেটে যায়। ট্রলারে ১০ জন জেলে ছিলেন। এর মধ্যে ৭ জন জেলেকে একটি ট্রলারে উদ্ধার করা হয়। বাকি তিনজন নিখোঁজের কয়েক ঘণ্টা পর অন্য একটি ট্রলার উদ্ধার করে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. জহিরুন্নবী বলেন, ‘নিখোঁজ তিনজনসহ সবাই জীবিত উদ্ধার হয়েছেন। তারা এখন কী অবস্থায় আছেন, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ১০ জন জেলেই জীবিত উদ্ধার হয়েছেন।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন