দুই চিরপ্রতিদ্বন্দ্বী বৈরিতায় নতুন উদ্যোগ

ভারত-পাকিস্তানের বহুজাতিক টুর্নামেন্টে যুক্ত হতে পারে বাংলাদেশও

ভারত-পাকিস্তানের বহুজাতিক টুর্নামেন্টে যুক্ত হতে পারে বাংলাদেশও

রাজনৈতিক উত্তেজনার জেরে দীর্ঘ ১৩ বছর ধরে বন্ধ রয়েছে ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ। ২০১৩ সালের পর থেকে কেবল আইসিসি বা এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে দুই দেশের ম্যাচ সংখ্যা বাড়াতে এবং নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের নতুন পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞাপন

ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, আইসিসির এই নতুন পরিকল্পনায় ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে অন্তর্ভুক্ত করে তিন বা চার জাতির একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব উঠে এসেছে। সম্ভাব্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নাম।

পরিকল্পনাটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিবাচক সাড়া দিলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অবস্থান এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলোর একটি বৈঠক হতে যাচ্ছে। সেখানে এই বহুজাতিক টুর্নামেন্ট আয়োজন ও ভারত-পাকিস্তান ম্যাচ বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে, চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে এসে ভারত দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, বহুল প্রতীক্ষিত এই দ্বিপক্ষীয় সিরিজটি ২০২৭ সালের শুরুতে স্থগিত করা হয়েছে।

আইসিসির এই প্রস্তাবিত টুর্নামেন্ট যদি বাস্তবে রূপ নেয়, তবে ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ দেখার সুযোগ যেমন বাড়বে, তেমনি বাংলাদেশের জন্যও পরাশক্তি দেশগুলোর বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে বাড়তি ম্যাচ খেলার একটি বড় সুযোগ তৈরি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন