৩০ জুনের মধ্যে নিয়োগ না হলে ব্যবস্থা

১৩১ তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নেই

অর্থনৈতিক রিপোর্টার

১৩১ তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৩১টি কোম্পানিতে কোন স্বতন্ত্র নারী পরিচালক নেই।

আগামী ৩০ জুনের মধ্যে স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগে ব্যর্থ হলে কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিজ্ঞাপন

পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়নি সেসব কোম্পানির সচিবদের নিয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসইসির পক্ষ থেকে স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের এ সময় বেঁধে দেওয়া হয়।

রোববার বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৯ এপ্রিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিশনের কর্পোরেট গভর্নেন্স ডিপার্টমেন্ট আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ এর শর্ত নং ১(২) (এ) সংশোধনপূর্বক তালিকাভূক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হয়। ২০২৪ সালের ২৯ এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় এবং এক বছরের মধ্যে স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।

পরবর্তীতে, কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তালিকাভূক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়। কমিশনের চাহিদার প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি তালিকাভূক্ত কোম্পানিসমূহে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের হালনাগাদ তথ্য কমিশনে দাখিল করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাখিলকৃত তথ্য অনুযায়ী, ১৬৩ টি তালিকাভূক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলেও ১৩১টি কোম্পানি তা দেয়নি। আগামী ৩০ জুনের মধ্যে কোম্পানি সচিবগনকে নারী পরিচালক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিএসইসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়িক সংগঠনের সদস্য, কর্পোরেট লিডার, সরকারী/বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারী চাকুরিজীবী (অবসরপ্রাপ্ত/চাকুরিরত), প্রফেশনাল ডিগ্রিধারী, হাইকোর্ট ডিভিশনে নিয়োজিত আইনজীবী পেশায় নিয়োজিত আছেন এমন নারীদেরকে তালিকাভূক্ত কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ সম্পন্ন করে কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালনে গুরুত্বারোপ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন