শেয়ারবাজারে বিনিয়োগ করতে হলে একজন বিনিয়োগকারীর জন্য বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলা বাধ্যতামূলক। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা সেকেন্ডারি বাজারে শেয়ার কেনাবেচা—কোনো ক্ষেত্রেই বিও হিসাব ছাড়া বিনিয়োগের সুযোগ নেই। অথচ একজন বিনিয়োগকারী সর্বোচ্চ কতটি বিও হিসাব খুলতে পারবেন, সে বিষয়ে ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) সংখ্যা অনুযায়ী কোনো সীমা নির্ধারিত নেই। ফলে একজন ব্যক্তি একাধিক ডিপির মাধ্যমে একাধিক বিও হিসাব খুলতে পারেন। অধিকসংখ্যক বিও খোলার সুযোগ থাকাকেও কারসাজির অন্যতম কারণ হিসেবে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান আমার দেশকে বলেন, অধিকসংখ্যক বিও হিসাব খোলার ক্ষেত্রে একটি শৃঙ্খলা থাকা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি শেয়ারবাজারে কারসাজির অভিযোগে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর নামে ৩২টি বিও হিসাবের তথ্য সামনে এসেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রকাশিত আদেশের তফসিলেও তার নামে ৩২টি বিও হিসাবের উল্লেখ রয়েছে। একই তফসিলে আরো কয়েকজনের নামে একাধিক বিও হিসাবের তথ্য রয়েছে। এর মধ্যে কাজী সাদিয়া হাসানের নামে ২৩টি, সায়াদুর রহমানের নামে ১১টি এবং কনিকা আফরোজের নামে ১০টি বিও হিসাবের উল্লেখ রয়েছে।
একাধিক বিও হিসাব ব্যবহার করে আবুল খায়ের হিরুর বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির একাধিক প্রমাণ মিলেছে বিএসইসির তদন্তে। এর মধ্যে এনআরবিসি ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় তার নিজের নামে পাঁচটি বিও হিসাবের তথ্য পায় নিয়ন্ত্রক সংস্থা। এসব হিসাবের মধ্যে শেয়ার কেনাবেচা ও স্থানান্তরের মাধ্যমে কৃত্রিম লেনদেনের চিত্র তৈরির প্রমাণ পাওয়া যায়। একই ঘটনায় পরিবারের সদস্যদের বিও হিসাবও ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় হিরু ও তার সহযোগীরা ১৪টি বিও হিসাব ব্যবহার করেন। শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত প্রায় প্রতিটি ঘটনায় একই ব্যক্তির একাধিক বিও হিসাবের সন্ধান পাওয়া গেছে।
কারসাজির ঘটনায় হিরুর বিরুদ্ধে বিভিন্ন সময় অর্থদণ্ডারোপ করেছে বিএসইসি। ২০২৪ সালের ডিসেম্বরে চার কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় আবুল খায়ের হিরুর বিরুদ্ধে প্রায় সাড়ে ৩২ কোটি টাকা জরিমানা করা হয়। পরে এশিয়া ইন্স্যুরেন্স, সোনালী পেপার ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির ঘটনায়ও তাকে জরিমানা করা হয়েছে। তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও পৃথক অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একই ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণাধীন একাধিক বিও হিসাবে কারসাজিচক্র কোম্পানির শেয়ার কেনাবেচা করে। নিজেদের হিসাবের মধ্যে ধারাবাহিক লেনদেনের মাধ্যমে (সিরিজ ট্রেডিং) শেয়ারের দর বৃদ্ধি ও কৃত্রিম চাহিদা তৈরি করা হয়। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারটির প্রতি আগ্রহ তৈরি হয় এবং দাম বাড়তে পারে। পরে বাড়তি দামে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে একই মালিকানার বিভিন্ন বিও হিসাবের মধ্যে শেয়ার হাতবদল করা হয়, যাতে প্রকৃত মালিকানা পরিবর্তন না হলেও বাজারে লেনদেনের পরিমাণ বেড়ে যায়। এর মাধ্যমে কারসাজিচক্রের ফাঁদে পড়ে সাধারণ বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারান। শেয়ারবাজারে কারসাজির ক্ষেত্রে একই বিনিয়োগকারীর অধিকসংখ্যক বিও খোলার সুযোগ অন্যতম কারণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বিধানে এক বা একাধিক ডিপিতে বিও খোলার সুযোগ রয়েছে। ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর ২৬(১) বিধি অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছাড়া কোনো ব্যক্তি একই ডিপিতে একাধিক হিসাব খুলতে পারেন না। তবে তিনি অন্য ডিপিতে নতুন হিসাব খুলতে পারেন।
এ বিষয়ে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোতালেব হোসেন আমার দেশকে বলেন, একজন বিনিয়োগকারী একাধিক ডিপিতে বিও হিসাব খুলতে পারেন। তবে একই ডিপিতে একাধিক হিসাব খোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সব ডিপি মিলিয়ে একজন বিনিয়োগকারী কতটি বিও হিসাব খুলতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সীমা নেই।
সিডিবিএলের তথ্যানুযায়ী বর্তমানে ৫৬০টি ডিপি রয়েছে। এভাবে প্রতিটিতে একটি করে হিসাব খোলার সুযোগ থাকলে একজন বিনিয়োগকারীর সম্ভাব্য বিও সংখ্যা ৫৬০টি পর্যন্ত হতে পারে।
ডিএসইর সাবেক সভাপতি ও শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী আমার দেশকে বলেন, একজন বিনিয়োগকারী বিভিন্ন কারণে একাধিক ডিপিতে বিও হিসাব খুলতে পারেন। কোনো ডিপি বেশি কমিশন বা সুবিধা দিলে সেখানে হিসাব খোলার আগ্রহ তৈরি হতে পারে। আবার কোনো ডিপির কর্মকর্তার আচরণে অসন্তুষ্ট হলেও বিনিয়োগকারী অন্য ডিপিতে হিসাব খুলতে পারেন। তবে এ ধরনের প্রয়োজনে সাধারণত পাঁচ থেকে সাতটির বেশি বিও হিসাবের প্রয়োজন হওয়ার কথা নয়। এর বাইরে বিপুলসংখ্যক হিসাব খোলার যৌক্তিকতাও নেই বলে তিনি মনে করেন। বিদ্যমান বিও হিসাবের শেয়ার অন্য ডিপিতে স্থানান্তরের জন্য লিংক অ্যাকাউন্ট ব্যবস্থাও রয়েছে। বিও হিসাব খোলার ব্যাপারে একটা সীমারেখা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর একজন সদস্য আমার দেশকে বলেন, অধিকসংখ্যক বিও খোলার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে কারসাজি। কিছু অ্যাকাউন্টে শেয়ারের দর বাড়ানো হয়; আর অন্য অ্যাকাউন্টগুলো থেকে সেগুলো বিক্রি করা হয়। অ্যাকাউন্ট ভিন্ন হলেও মূলত একই ব্যক্তি বা গোষ্ঠী এর সঙ্গে যুক্ত থাকে।
আগে আইপিওতে অধিকসংখ্যক আবেদন করার সুযোগ নিতে অনেক বিনিয়োগকারী একাধিক বিও হিসাব খুলতেন। তবে বর্তমানে আইপিওতে একজন আবেদনকারী নিজের নামে একটি এবং অন্য ব্যক্তির সঙ্গে যৌথ নামে একটিসহ মোট দুটি আবেদন করতে পারেন। এর বেশি আবেদন করলে সব আবেদন বাতিল হওয়ার বিধান থাকার কারণে সাধারণ বিনিয়োগকারীদের বিও খোলার প্রবণতা কমেছে। কিন্তু সেকেন্ডারি মার্কেটে কারসাজির সুযোগ নিতে এখন একটি গোষ্ঠী বিপুলসংখ্যক বিও খুলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিও খোলার জন্য বিনিয়োগকারীর জাতীয় পরিচয়পত্র, নিজের নামে ব্যাংক হিসাব, মোবাইল নম্বর, ছবি, স্বাক্ষর ও নমিনির তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয়।
২০১৯ সালের ২০ জুন বিএসইসির এক নির্দেশনায় অন্য ব্যক্তির বিও হিসাব খোলার ক্ষেত্রে একই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহারের অনিয়ম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ, হিসাবধারীর পরিচয় ও ব্যাংকসংক্রান্ত তথ্যের সঙ্গে বিও হিসাবের তথ্যের সামঞ্জস্য থাকা বাধ্যতামূলক।
বিও হিসাব খোলার জন্য সিডিবিএলের ডিজিটাল হিসাব খোলার নির্দেশিকায় ৪৫০ টাকা এককালীন খোলার ফি উল্লেখ রয়েছে। তবে ২০২৫-২৬ অর্থবছর থেকে বার্ষিক বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। এই অর্থ সিডিবিএল, ডিপি ও বিএসইসির মধ্যে বণ্টনের বিধান রয়েছে। ২০২৪-২৫ অর্থবছর বা তার আগের বকেয়া ফি পুরোনো হারেই আদায়যোগ্য। নির্ধারিত ফি পরিশোধ না করলে হিসাব স্থগিত রাখার বিধানও রয়েছে।
সিডিবিএলের তথ্য অনুযায়ী বর্তমানে মোট সচল বিও হিসাব সংখ্যা ১৬ লাখ ৮৩ হাজার ৮৬৯টি। এর মধ্যে শেয়ার জমা রয়েছে ১২ লাখ ২,১৬৮ হিসাবে। শূন্য ব্যালান্স রয়েছে তিন লাখ ৯৫ হাজার ৮২৩ হিসাবে। আর কখনো ব্যবহার করা হয়নি—এমন হিসাবের সংখ্যা ৮৫ হাজার ৮৭৮টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



