স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি জানিয়েছে বিনিয়োগকারী পরিষদ

স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি জানিয়েছে বিনিয়োগকারী পরিষদ

স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং বাতিলসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে সাক্ষাত করে পরিষদের নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিজ্ঞাপন

পরিষদের নেতারা বলেন, বর্তমান পুঁজিবাজারে পর্যাপ্ত পরিমাণে মৌলভিত্তিক স্টক না থাকায় স্ক্রিপ্ট নেটিং সুবিধা চালু করলে সাধারণ বিনিয়োগকারীদের বড় ধরনের ঝুঁকিতে পড়ার আশংকা রয়েছে। পুঁজির নিরাপত্তার স্বার্থে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং বর্তমান বিদ্যমান ব্যবস্থা চালু রাখতে হবে। অন্যথায় এর দায়ভার বিএসইসিসহ সংশ্লিষ্ট অংশীজনদের বহন করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি স্ক্রিপ নেটিং চালুর বিষয়ে সম্মতি প্রদান করে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসইসির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়।

এদিকে পরিষদের পক্ষ থেকে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের অর্থ ফেরতে অর্থমন্ত্রনালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

তারা বলেন, পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার কারণে সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মিউচুয়াল ফান্ডগুলোর ফান্ড ম্যানেজাররা বেআইনীভাবে ৭০ থেকে ৭৫ শতাংশ অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজট করে রাখছে-এমন অভিযোগ করে পরিষদের নেতারা ফান্ডগুলোকে নিয়মানুযায়ী শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করার দাবি জানান।

বিনিয়োগকারীদের দাবীগুলো বিবেচনার আশ্বাস দেন বিএসইসি চেয়ারম্যান। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম, সাধারণ সম্পাদক শেখ আতিক ইখতিয়ার, সিনিয়র সহ-সভাপতি একিউএম সিদ্দিক উল্লাহ, সহ-সভাপতি জহিরুল আলম জামাল, সিনিয়র সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. শরীফ বিল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন