বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মিলেমিশে কাজ করলেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
তিনি বলেন, ‘কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের জনগণ তাদের নির্বাচিত করেছেন। এ অঞ্চলের চারটি উপজেলায় মরহুম এম কে আনোয়ারসহ বিএনপির নেতৃবৃন্দের হাত ধরেই ব্যাপক উন্নয়ন হয়েছে।’
ড. মোশাররফ হোসেন বলেন, ‘এই চার উপজেলায় মরহুম এম কে আনোয়ারসহ আমরাই উন্নয়ন করেছি। এটা আপনারা গর্ব করে বলতে পারবেন। উন্নয়নকাজ করতে চাইলে মিলেমিশে করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডসহ সব উন্নয়নমূলক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে হবে।’
শুক্রবার বিকেল ৪টায় কুমিল্লার মেঘনা উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা শাখার উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনির সভাপতিত্বে এবং সদস্যসচিব সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তিনি প্রথমেই বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।’
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল প্রতিষ্ঠার পর আমাকে ছাত্রবিষয়ক দায়িত্ব, যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। পরবর্তীতে আমাকে দলের স্থায়ী কমিটির সদস্য করেছেন। আমি দীর্ঘ ৩২ বছর ধরে স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।’
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দকে স্মরণ করেন।
ড. মোশাররফ হোসেন বলেন, ‘দুটি জায়গায় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তবে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সহযোগিতায় সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’
তিনি বলেন, ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এখন আমাদের সবাইকে মিলেমিশে রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজ করতে হবে।’
অনুষ্ঠানের প্রধান বক্তা, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি বলেন, বিএনপির ইতিহাস লিখতে হলে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম অবশ্যই আসবে।
তিনি বলেন, ‘ড. খন্দকার মোশাররফ হোসেন আমাদের সবার নেতা। স্যারের সামনে আমরা কী বক্তব্য দেব? স্যার নিজেই বিএনপির একটি ইতিহাস।’
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। বিএনপির কোনো নেতাকর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।’
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ থাকবে না। যদি বিএনপির মধ্যে কেউ মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে আগে তাদের আইনের আওতায় আনুন।’
তিনি দলীয় নেতাকর্মীদের ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে একযোগে কাজ করা হবে।
তিনি বলেন, ‘বিএনপির মধ্যে কোনো প্রকার গ্রুপিং নেই। দুই সংসদ সদস্য মিলে চারটি উপজেলায় উন্নয়নের জোয়ার সৃষ্টি করা হবে।’
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, মেঘনা-দাউদকান্দি সংযোগ সড়ক ও সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাধানগর ও চালিভাঙ্গা ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্র, মা ও শিশু হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে বর্তমানে দাপ্তরিক কার্যক্রম চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাসউদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার, সলিমুল্লাহ মোহাম্মদ, দিলারা শিরিন, ডা. এম এ কাইয়ুম, প্রফেসর শহীদুল ইসলাম, আব্দুল মতিন, জহিরুল ইসলাম, জাকির হোসেন, মো. আব্দুল গাফফার, আব্দুল ওদুদ মুন্সি, মো. শাহবুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, সদস্যসচিব হান্নান সরকার, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্যসচিব জাকির মাহমুদ, সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং তৃণমূলের কর্মীরা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

