বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার ছিন্নমূল মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে ছাত্রদল।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী ও শিশুসহ প্রায় ৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান ও রাকিব হোসেন, সদস্য সাব্বির হোসেন ও জুল হোসেনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি সম্পর্কে তরিকুল ইসলাম তারিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে সমন্বয়ের রাজনীতির একটি নতুন ধারা প্রবর্তন করেছিলেন। খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নিয়ে বিএনপিকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেন। তার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করে বলে জানান তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন ছিলেন। বিএনপির জন্য তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরণ লড়াকু যোদ্ধা। তার দীর্ঘ রাজনৈতিক জীবন দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে জড়িয়ে ছিল। তার আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতার চেতনাকে ধারণ করে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোই আজকের এ উদ্যোগের উদ্দেশ্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

