‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের

রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

একটি পুরো পরিবারকে যেভাবে নির্মূল করা হয়েছে, তাকে অত্যন্ত বেদনাদায়ক ও লোমহর্ষক হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে। সম্প্রতি ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি ও তার ওপর হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা থেকে স্পষ্ট যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে এবং জনগণ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা মানুষকে শঙ্কিত করে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে এবং রংপুরের এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ একের পর এক অপরাধ সংঘটিত হলেও ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না এবং আদালতের দীর্ঘসূত্রতা জনগণকে দারুণভাবে হতাশ করছে বলে মন্তব্য করেন তিনি।

এই হতাশা থেকে জনগণকে রক্ষা করতে সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে নিজেদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করার ওপর জোর দেন ডা. শফিকুর রহমান। তিনি সবাইকে মিলে সামাজিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে জনগণকে এ ধরনের অপরাধের হাত থেকে রক্ষা করার আহ্বান জানান এবং দেশবাসীর সুরক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন