গাজীপুরের টঙ্গীতে নাশকতার অভিযোগে এক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সাতাইশ চৌরাস্তা ধরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিয়ামুল হাসান নাহিদ (১৬) গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। তিনি টঙ্গীর সাতাইশ চৌরাস্তা এলাকার হাকিম আলীর ছেলে।
পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা নাহিদ সাতাইশ চৌরাস্তা ধরপাড়া এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সম্প্রতি টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগ রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়ের ও আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

