সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর বিধিমালা

408
কাওসার আলম

সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে আসছে কঠোর বিধিমালা

সরকারের রাজস্ব আয়ের প্রায় ১০ শতাংশেরও বেশি আয় হয় তামাক খাত থেকে। এ খাতের আয়ের ৯৫ শতাংশই আসে সিগারেট থেকে। রাজস্ব আয়ের অন্যতম প্রধান এ উৎস থেকে সরকারের আয় বাড়লেও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রতি অর্থবছরে এ খাতে শুল্কের পরিমাণ বাড়ছে। শুল্কবৃদ্ধির সঙ্গে সিগারেটের অবৈধ উৎপাদন এবং চোরাচালানও বাড়ছে পাল্লা দিয়ে। বাজারে প্রচলিত জনপ্রিয় ব্র্যান্ডগুলোর প্যাকেট হুবহু নকল করে নিম্নমানের তামাক দিয়ে সিগারেট তৈরি ও বাজারজাতকরণের একটি বড় চক্র সক্রিয় রয়েছে। ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশে সিগারেটের বাজারের ১৩ থেকে ১৫ শতাংশ অবৈধ সিগারেট কারবারিদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের অবৈধ বাজার নিয়ন্ত্রণে কঠোর বিধিমালা আরোপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিধিমালায় বিশ্বব্যাপী অনুসৃত আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সাতটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে—ট্র্যাক অ্যান্ড ট্রেস সিস্টেম চালু, প্রত্যেক প্যাকেটে কিউআর কোড ব্যবস্থা, ডিজিটাল ব্যান্ডরোল মনিটরিং, কৃত্রিম বৃদ্ধিমত্তাভিত্তিক (এআই) ঝুঁকি বিশ্লেষণ, কর কাঠামো পুনর্বিন্যাস ইত্যাদি।

এনবিআর কর্মকর্তারা জানান, তামাক খাতের অবৈধ এই সিন্ডিকেটগুলো অত্যন্ত সুসংগঠিত এবং তারা আধুনিক প্রযুক্তি ও ভুয়া নথি ব্যবহার করে দ্রুত অবস্থান বদলে ফেলে। এ কারণে শুধু এনবিআরের ম্যানুয়াল অভিযান দিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। এ সংকট মোকাবিলায় প্রযুক্তিনির্ভর আধুনিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার জন্য নতুন বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।

ট্র্যাক অ্যান্ড ট্রেস সিস্টেম

সিগারেটের প্রত্যেক প্যাকেটে একটি ইউনিক ডিজিটাল কোড থাকবে, যা কারখানায় উৎপাদনের সময় থেকেই সরকারি সার্ভারে নিবন্ধিত হবে। কারখানা থেকে বের হওয়া, ডিস্ট্রিবিউটরের গুদামে পৌঁছানো, পাইকারি বাজারে বিক্রি এবং খুচরা দোকানে সরবরাহ—প্রতিটি ধাপ ডিজিটালভাবে রেকর্ড করা হবে। এতে জাল ব্যান্ডরোল ব্যবহার প্রায় অসম্ভব হয়ে যাবে এবং কোনো কারখানা উৎপাদন গোপন রেখে বাজারে পণ্য ছাড়তে পারবে না।

প্যাকেটে কিউআর কোড যুক্তকরণ

সিগারেটের প্যাকেটে বিশেষ কিউআর কোড থাকবে, যা সাধারণ ভোক্তা বা পরিদর্শক মোবাইল ফোন দিয়ে স্ক্যান করলেই উৎপাদনের তারিখ, কারখানার নাম, ব্যান্ডরোল নম্বর এবং ভ্যাট-সম্পূরক শুল্ক পরিশোধের রিয়েল টাইম তথ্য দেখতে পাবেন। এতে ভোক্তারাও নজরদারির অংশ হয়ে উঠবেন এবং জাল পণ্য সহজে রিপোর্ট করা যাবে।

ডিজিটাল ব্যান্ডরোল মনিটরিং

কাগজভিত্তিক ব্যান্ডরোলের দুর্বলতা দূর করতে প্রতিটি ব্যান্ডরোলে একটি ইউনিক সিরিয়াল থাকবে, যা একবার ব্যবহৃত বা স্ক্যান হলেই সার্ভারে ‘কনজিউমড’ বা ব্যবহৃত হিসেবে দেখাবে। একই কোড দ্বিতীয়বার ব্যবহার করার চেষ্টা করলেই সিস্টেমে স্বয়ংক্রিয় অ্যালার্ট তৈরি হবে।

মাল্টি এজেন্সি টাস্কফোর্স

সিগারেটের অবৈধ উৎপাদন বন্ধ ও চোরাচালান রোধে মাল্টি এজেন্সি টাস্কফোর্স গঠন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, ভ্যাট গোয়েন্দা, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, সিআইডি, এনএসআই ও বন্দর কর্তৃপক্ষকে নিয়ে এটি গঠন করা হবে।

এআইভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ

একটি কেন্দ্রীয় তথ্যভান্ডারে কাঁচামাল আমদানি, তামাক ক্রয়, ব্যান্ডরোল ইস্যু ও ভ্যাট রিটার্নের তথ্য যুক্ত থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহজেই সেসব তথ্যউপাত্ত বিশ্লেষণ করবে। এতে যদি কোনো কোম্পানি বিপুল পরিমাণ তামাক কিনে কম উৎপাদনের ভ্যাট রিটার্ন দেয়, তাহলে সহজে সিস্টেম তাকে ‘উচ্চ ঝুঁকির এনটিটি’ হিসেবে চিহ্নিত করবে।

কর কাঠামো পুনর্বিন্যাস

শুধু আইন প্রয়োগ করে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই জটিল শতাংশভিত্তিক ট্যাক্স কমিয়ে ধাপে ধাপে নির্দিষ্ট করব্যবস্থা বা কর পদ্ধতি চালুর কথা বলা হয়েছে বিধিমালায়। এতে কর ফাঁকির প্রণোদনা কমে আসবে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের আইনি ও প্রশাসনিক সুরক্ষা

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের প্রশাসনিক চাপ থেকে রক্ষা করতে নির্দিষ্ট মেয়াদে বদলি সীমিত করা, আইনি সুরক্ষা দেওয়া এবং সফল অভিযানের জন্য পুরস্কারভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে বিধিমালায়, যাতে মাফিয়াচক্র প্রভাব খাটিয়ে কর্মকর্তাদের নিরুৎসাহিত করতে না পারে।

কর না বাড়লেও বাড়ছে প্যাকেটের দাম

এদিকে, আগামী বাজেটে সিগারেটের ওপর শুল্ক বাড়ছে না। বর্তমানে খুচরা মূল্যের ওপর ৮৩ শতাংশ করভার রয়েছে সিগারেট উৎপাদনে। এনবিআর কর্মকর্তারা জানান, সিগারেটের ওপর নতুন করে শুল্কারোপের সুযোগ খুবই কম। এজন্য নতুন করে শুল্ক বাড়ছে না। তবে সিগারেটের প্যাকেটের দাম বাড়বে। বর্তমানে সিগারেটের মানের ওপর ভিত্তি করে চারটি স্তর রয়েছে। প্রত্যেক স্তরেই মূল্যবৃদ্ধি হবে বলে জানা গেছে। এ কারণে সিগারেটের মূল্যবৃদ্ধি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন