দেশে মুরগির বাজারে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানীর খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায়। অথচ অনেক প্রান্তিক খামারি একই মুরগি বিক্রি করছেন ১৩০ থেকে ১৪০ টাকায়। উৎপাদন খরচ তুলতে না পেরে কেউ কেউ খামার বন্ধ করে দিচ্ছেন, আবার বাজারে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বাড়ছে ভোক্তার উদ্বেগ। খামার থেকে ভোক্তার কাছে পৌঁছানোর পথে দামের এই বড় ব্যবধানের কারণ অনুসন্ধান ও কার্যকর নজরদারির দাবি উঠেছে।
গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গত সপ্তাহে দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। পাকিস্তানি সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকা, হাইব্রিড ৩০০ থেকে ৩১০ টাকা, পাকিস্তানি লেয়ার ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৫৪০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি মুরগির আলাদা চাহিদা ও সরবরাহের নির্ভরযোগ্য হালনাগাদ সরকারি হিসাব নেই। ফলে কোন জাতের মুরগির ঘাটতি কত, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে সব ধরনের মাংস উৎপাদন হয়েছে ৯০ লাখ ৭০ হাজার টন। চাহিদা ছিল ৭৮ লাখ ১৪ হাজার টন। অর্থাৎ সামগ্রিক হিসাবে মাংসের উৎপাদন চাহিদার চেয়ে বেশি। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মাংস উৎপাদনের প্রায় ৪০ শতাংশ আসে ব্রয়লার মুরগি থেকে। তবে এই সামগ্রিক হিসাব দিয়ে ব্রয়লার, সোনালি, লেয়ার বা দেশি মুরগির পৃথক বাজার পরিস্থিতি বিশ্লেষণ কঠিন এবং তা অনেকটাই অস্পষ্ট।
এদিকে খামারিদের লোকসানের অন্যতম কারণ খাদ্য, বাচ্চা, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বৃদ্ধি। পোলট্রি খাদ্যের মোট উৎপাদন ব্যয়ের ৮০ থেকে ৮৫ শতাংশ কাঁচামালের পেছনে যায়। শিল্পসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ভুট্টার দাম কেজিপ্রতি ৩১ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৩৮ টাকা ৮০ পয়সা, ডি-অয়েলড রাইস ব্রানের দাম ২৬ থেকে ৩৩ টাকা এবং সয়াবিন মিলের দাম ৫৮ থেকে ৬৬ টাকা হয়েছে। একই সময়ে প্রস্তুতকৃত খাদ্যের দামও বেড়েছে। বিদ্যুৎ ও জ্বালানির বাড়তি ব্যয়ও খামারিদের ওপর চাপ তৈরি করছে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মেজবাহ আমার দেশকে বলেন, বর্তমানে পোলট্রি শিল্পের সবচেয়ে বড় সমস্যা বাচ্চা, ডিম ও মুরগির দাম কম। কিন্তু খাদ্য এবং ওষুধসহ সবকিছুর দাম বাড়তি। তার হিসাবে, করপোরেট পর্যায়ে ব্রয়লার উৎপাদন খরচ প্রতি কেজি প্রায় ১৩০ থেকে ১৩৫ টাকা। প্রান্তিক খামারিদের ক্ষেত্রে তা ১৫০ থেকে ১৬০ টাকা। ফলে বাজারে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি করতে হলে ছোট খামারিরা সরাসরি লোকসানে পড়ছেন।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমানের মতে, করপোরেট প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক খামার মোট উৎপাদনের আনুমানিক ২০ শতাংশ। তাই শুধু এদের বাজার নিয়ন্ত্রণের জন্য দায়ী করা ঠিক নয়। দামের ব্যবধান কতটা যৌক্তিক, তা যাচাইয়ে কার্যকর নজরদারি দরকার।
পিরোজপুরের নাজিরপুরের খামারি রবিউল ইসলাম খানের অভিজ্ঞতাও সেই সংকটের চিত্র তুলে ধরে। তার ভাষ্য, ২০২০ সাল থেকে কয়েক দফায় প্রায় ৬০ লাখ টাকা লোকসান হয়েছে। এখন তিনি ২৫ থেকে ৩০ লাখ টাকা ঋণগ্রস্ত। ১,০০০ মুরগি ৩৫ দিন পালনে তার খরচ হয়েছে ৩ লাখ ৮ হাজার ৫০০ টাকা। মৃত্যুহার ও বিক্রিযোগ্য ওজন হিসাব করে উৎপাদন খরচ পড়েছে কেজিপ্রতি প্রায় ১৪৫ টাকা। কিন্তু বাজার মন্দা ও গরমে মুরগি মারা যাওয়ায় বিক্রি করতে হয়েছে ১৫০ টাকায়। এতে বড় অঙ্কের লোকসান হয়েছে তার।
লেয়ার ও ব্রয়লার দুই ধরনের মুরগি তুলেও টিকে থাকার চেষ্টা করেছিলেন; কিন্তু এখন তিনি সব পুঁজি হারিয়ে ২৫-৩০ লাখ টাকার মতো ঋণগ্রস্ত হয়েছেন। তিনি জানান, তার চাচাতো ভাই এনায়েত খানও মুরগির এই খামার করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি এখন সৌদিতে থাকেন।
তার মতে, ১,০০০ মুরগি প্রায় ৩৫ দিন পালনে মোট ৩ লাখ ৮ হাজার ৫০০ টাকা খরচ করেছেন। মৃত্যু ও বিক্রিযোগ্য ওজন হিসাব করে তার ব্যয় পড়েছে কেজিপ্রতি প্রায় ১৪৫ টাকা। তিনি জানান, বাজারে মন্দা ও গরমে মুরগি মারা যাওয়ায় কেজিপ্রতি ১৫০ টাকায় বিক্রি করতে হয়েছে। তাতে তার লাখ লাখ টাকা লোকসান হয়েছে। এটি একজন খামারির হিসাব। অঞ্চল, খাদ্যের মান, মৃত্যুহার ও ব্যবস্থাপনাভেদে ব্যয় আরো ভিন্ন হতে পারে। বিপিআইএ সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মেজবাহর মতে, কৃষি খাতে অনেক ভর্তুকি দেওয়া হলেও এ খাতে কোনো ভর্তুকি নেই। ফলে প্রান্তিক খামারিদের রক্ষায় পরিস্থিতি পর্যালোচনায় পদক্ষেপ নেওয়া এবং তাদের প্রণোদনা দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। অন্যদিকে খামার থেকে পাইকারি ও খুচরা বাজারে যেতে কয়েক দফা হাতবদলে দাম বাড়ছে। কৃষি বিপণন অধিদপ্তরের ঢাকা অঞ্চলের বাজার পরিদর্শক রেজওয়ান হোসেন খানের মতে, কমিশন এজেন্ট, পাইকার ও খুচরা বিক্রেতার একাধিক ধাপ পেরোনোর কারণে দাম বাড়ে। তার হিসাবে, প্রতিটি ধাপে যুক্ত হওয়া মুনাফা মিলিয়ে খামার ও ভোক্তা পর্যায়ের দামের ব্যবধান ৪০ টাকা বা তার বেশি হতে পারে। তবে পরিবহন, ওজন কমে যাওয়া ও মৃত্যুহারের ব্যয়ও বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান বলেছেন, করপোরেট প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক ব্রয়লার খামার মোট উৎপাদনের আনুমানিক ২০ শতাংশ। তাই পুরো বাজার নিয়ন্ত্রণের জন্য শুধু চুক্তিভিত্তিক খামারকে দায়ী করার ভিত্তি নেই। তবে ভোক্তা অধিকার সংগঠনের নেতারা বাজারে করপোরেট প্রভাব ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
গত ১৪ জুন ১৮ বছর পর জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে সরকার। এতে খামার নিবন্ধন, জৈবনিরাপত্তা, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও টিকা, বাজার ব্যবস্থাপনা এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্যিক খামার পরিচালনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন বাধ্যতামূলক করার কথাও রয়েছে।
নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি খাদ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর পর্যালোচনা, দেশে ভুট্টা উৎপাদনে প্রণোদনা, মানসম্মত বাচ্চা ও টিকার সরবরাহ, সহজ শর্তে ঋণ এবং প্রান্তিক খামারিদের জন্য ফসল বীমার আদলে পশুপাখি বীমা চালু করা জরুরি। রোগ প্রতিরোধে উপজেলা পর্যায়ে চিকিৎসা ও পরীক্ষার সুবিধা বাড়াতে হবে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের মতে, প্রাণিসম্পদ উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উৎপাদন দক্ষতা উন্নয়ন জরুরি। অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলমও প্রান্তিক উদ্যোক্তাদের সহায়তা এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের অনিয়ন্ত্রিত প্রভাব ঠেকানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
খামার থেকে খুচরা বাজার পর্যন্ত প্রতিদিনের দাম, উৎপাদন খরচ, বাচ্চা ও খাদ্যের সরবরাহ প্রকাশের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বাজারে কারসাজি ও অস্বাভাবিক মুনাফা ঠেকাতে নিয়মিত নজরদারি জরুরি। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নিশ্চিত না হলে প্রান্তিক খামারিরা খাত ছাড়বেন। আর সরবরাহশৃঙ্খলে অযৌক্তিক ব্যয় ও মুনাফা নিয়ন্ত্রণ না হলে ভোক্তাকেও চড়া দাম দিতে হবে।
এ প্রসঙ্গে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন আমার দেশকে বলেন, বাজারে তদারকির অভাবে বাজারে অরাজকতা চলছে। এতে প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে এ বিষয়ে সরকারি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

