বিশ্ববাজারে তেলের দামে ১১৪ ডলার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে তেলের দামে ১১৪ ডলার
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে এক মাসের যুদ্ধবিরতি যখন চরম অনিশ্চয়তার মুখে, ঠিক তখনই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।

সোমবার তেলের দাম ৬ শতাংশ বাড়ার পর মঙ্গলবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ১১৪ ডলারে স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ডব্লিউটিআই তেলের দাম দাঁড়িয়েছে ১০৫ ডলারের ঠিক নিচে।

বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি গোলাগুলি এবং উত্তেজনার ফলে জ্বালানি বাজারে এই প্রভাব পড়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন পতাকাবাহী দুটি জাহাজকে পাহারা দিয়ে নেওয়ার সময় ইরানি হামলা প্রতিহত করেছে তাদের সামরিক বাহিনী। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল টার্মিনালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

হরমুজ প্রণালি বর্তমানে কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বাজারে 'ওয়ার প্রিমিয়াম' বা যুদ্ধকালীন বাড়তি দাম যোগ হয়েছে।

এ বিষয়ে সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এই সংঘাত আরো দুই থেকে তিন সপ্তাহ চলতে পারে।

যুক্তরাষ্ট্রের জাহাজে কোনো সরাসরি হামলা চালানো হলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আলোচনায় ‘অগ্রগতি’ হলেও যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতকে পুনরায় ‘চোরাবালিতে’ আটকে পড়া এড়িয়ে চলতে হবে।

বাজার বিশ্লেষক সংস্থা গোল্ডম্যান স্যাকস এক নোটে জানিয়েছে, তেলের মজুত এখনো সংকটাপন্ন পর্যায়ে না পৌঁছালেও মজুত কমার হার উদ্বেগজনক। বর্তমানে ১০১ দিনের বৈশ্বিক চাহিদা মেটানোর মতো তেল মজুত থাকলেও মে মাসের শেষে তা ৯৮ দিনে নেমে আসতে পারে। বিশেষ করে জেট ফুয়েল ও ন্যাপথার মতো পরিশোধিত পণ্যের মজুত দ্রুত ফুরিয়ে আসছে।

সূত্র: এনডিটিভি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন