কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটে ডেনিস বোটে ওঠার সময় সাগরে পড়ে নিখোঁজ যুবক শামীম (৩০)-এর ১৮ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি। নৌবাহিনীর ডুবুরি দলসহ স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও এখনো তার সন্ধান বা লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার বিকেল আড়াইটার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মগনামা-কুতুবদিয়া নৌপথের লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শামীম ভোলা জেলার ইলিশিয়া ঘাট এলাকার মসলেম উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন। স্ত্রী করিমা বেগমকে সঙ্গে নিয়ে কুতুবদিয়ায় শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তিনি মগনামা ঘাটে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী নবী হোছাইন জানান, শামীম কুতুবদিয়াগামী ডেনিস বোটে ওঠার সময় অসাবধানতাবশত সাগরের পানিতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি পানির স্রোতে তলিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন ও বোটের মাঝিরা সাগরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান, তবে দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শামীমের স্ত্রী করিমা বেগম বলেন, আমার স্বামী সাঁতার কাটতে জানেন। তারপরও তিনি কেন পানিতে ভেসে উঠতে পারলেন না, তা বুঝতে পারছি না। আমরা তার অপেক্ষায় আছি।
ঘাট ইজারাদার নুরুল ইসলাম জানান, ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারে নামেন এবং পরবর্তীতে নৌবাহিনীর ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু এখনো নিখোঁজ শামীমের খোঁজ পাওয়া যায়নি।
পেকুয়ার ইউএনও রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে নৌবাহিনীর একটি ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

