ঢাকায় মেঘ-বৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম

ঢাকায় মেঘ-বৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি। তবে বৃষ্টির দেখা মিললেও নগরবাসীকে ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি নাও দিতে পারে আবহাওয়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানায়, এ সময় ঢাকার দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯ মিলিমিটার। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা বা সংকেত নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

তবে সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মসনসিংহসহ প্রায় সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন