ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দিনের সফরে আজ প্যারিস যাচ্ছেন। সফরে দুই নেতা হরমুজ প্রণালির পরিস্থিতি এবং এর বিকল্প বাণিজ্যপথ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালির বিকল্প পথ তৈরির বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে উপসাগরের বাইরে ওমানের বন্দরগুলোর মাধ্যমে বাণিজ্য বাড়ানো। এ ছাড়া সৌদি আরবসহ অন্যান্য দেশে তেল পরিবহনের পাইপলাইন সম্প্রসারণ বা দ্বিগুণ করার পরিকল্পনাও রয়েছে।
এর পাশাপাশি নতুন রেলপথ তৈরির বিষয়টিও আলোচনায় আসতে পারে। এসব উদ্যোগের লক্ষ্য হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানো এবং বিকল্প যোগাযোগ ও বাণিজ্যপথ তৈরি করা।
সোমবার বিকেলে ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ সৌদি-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। এটি দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার নতুন কাঠামোর প্রথম বৈঠক।
ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্স ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করবেন দুই নেতা।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে প্রণালিটির নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে।
এ পরিস্থিতিতে হরমুজের বিকল্প বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ তৈরির উদ্যোগ নিয়ে ফ্রান্স ও সৌদি আরবের আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

