রাজশাহীতে রেললাইনে আগুন, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহীতে রেললাইনে আগুন, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্বাভাবিক হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার দিকে আড়ানী-আব্দুলপুর অংশের পুরোনো রেললাইন ও তীব্র গরমের কারণে কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়। বিষয়টি জানতে পেরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করেন।

বিজ্ঞাপন

এরপর আটকে পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরআগে রাজশাহীর আড়ানী ও আব্দুলপুর রেলস্টেশনের মধ্যবর্তী একাধিক স্থানে রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘সিল্কসিটি এক্সপ্রেস’সহ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যেতে পারেনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আড়ানী-আব্দুলপুর অংশটি রাজশাহী থেকে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই রুট দিয়ে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে নিয়মিত একাধিক আন্ত নগর ট্রেন চলাচল করে। ফলে এই অংশে সামান্যতম ত্রুটি দেখা দিলেও তার প্রভাব পড়ে পুরো রেল যোগাযোগব্যবস্থার ওপর।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, রেললাইনে ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই তা মেরামতের দ্রুত উদ্যোগ নেওয়া হয়। যাত্রী ও ট্রেনের নিরাপত্তার স্বার্থে ত্রুটিপূর্ণ অংশ দিয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, শ্রমিক ও প্রকৌশলীরা দ্রুততার সঙ্গে কাজ করে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার পর পর্যায়ক্রমে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন