চার স্তরেই ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ

১০ শলাকার সিগারেটের প্যাকেট: সর্বনিম্নস্তরে ৬৫ ও সর্বোচ্চস্তরে ২১০ টাকার নতুন খুচরা মূল্য

১০ শলাকার সিগারেটের প্যাকেট: সর্বনিম্নস্তরে ৬৫ ও সর্বোচ্চস্তরে ২১০ টাকার নতুন খুচরা মূল্য

তামাকযুক্ত সিগারেটের প্রতি ১০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরামূল্য নির্ধারণ করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনুবিভাগ। মোট চারটিস্তরে সিগারেটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী, সর্বনিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা এবং সর্বোচ্চস্তরে সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয়স্তরে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭২ টাকা ও ১৬০ টাকা। নতুন এই মূল্য কাঠামোয় চারটি স্তরের প্রতিটিতেই সম্পূরক শুল্কের হার অভিন্নভাবে ৬৭ শতাংশ বহাল রাখা হয়েছে।

আদেশে রাজস্ব হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত তুলনামূলক বিবরণী পরবর্তী প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার এনবিআরের ওয়েবসাইটে মূল্য নির্ধারণের এ আদেশ প্রকাশ করা হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ১২৬(১) উপ-ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮ক-এর আওতায় এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এ আদেশটি জারি করা হয়। গত ১৬ সেপ্টেম্বরে প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী স্থানীয় সরবরাহের ক্ষেত্রে এইচ.এস. কোড ২৪০২.২০.০০-এর অধীন তামাকযুক্ত সিগারেটের এই নতুন মূল্যস্তর কার্যকর করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ফ্লেভারিং ক্যাপসুল সংবলিত সিগারেট নিম্নস্তরে সরবরাহের ফলে তরুণ ও নতুন ধূমপায়ীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে উল্লেখ করে এনবিআরের আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ফ্লেভারিং ক্যাপসুলযুক্ত কোনো সিগারেট মধ্যম স্তরের নিচে (অর্থাৎ প্রথম ও দ্বিতীয় নিম্ন স্তরে) সরবরাহ করা যাবে না। এ ছাড়া, গত ১৬ সেপ্টেম্বরে বাজারে বলবৎ ছিল—এমন কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য কোনো অবস্থাতেই কমানো যাবে না বলে আদেশের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে ।

এনবিআরের জারি করা আদেশ অনুযায়ী, প্রতিটি সিগারেটের প্যাকেটের গায়ে শলাকার সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য এবং প্রকৃতি সুস্পষ্ট ও অমোচনীয়ভাবে মুদ্রিত থাকতে হবে ।

পুরাতন প্যাকেটে সিল মারা ও সরবরাহ বিধি

আদেশে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর বা তার পর সরবরাহ করা সব সিগারেটের ক্ষেত্রে (পূর্বে উৎপাদিত এবং গুদামজাতকৃত পণ্যসহ) এই নতুন মূল্যস্তর অনুযায়ী শুল্ক-কর আদায় নিশ্চিত করতে হবে । যেসব প্যাকেটে আগে থেকেই পুরনো দাম মুদ্রিত রয়েছে, সেগুলোতে নতুন সর্বোচ্চ খুচরা মূল্যের সিল মেরে বাজারজাত করার বিধান করা হয়েছে। তবে ব্যান্ডরোলের জটিলতা এড়াতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নতুন দাম মুদ্রিত মোড়ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

কারখানায় কড়া তদারকি ও সমাপনী মজুদের হিসাব

রাজস্ব ফাঁকি রোধ ও সঠিক শুল্ক-কর আদায় নিশ্চিত করতে মূসক কমিশনারগণ নিজ নিজ অধিক্ষেত্রাধীন প্রতিটি সিগারেট কারখানায় প্রয়োজনীয় সংখ্যক মূসক কর্মকর্তা পদায়ন করবেন।

উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ১৬ সেপ্টেম্বরে সিগারেটের সমাপনী মজুদ, পুরোনো ও নতুন ব্যান্ডরোল এবং খালি মোড়কের হিসাব ছক অনুযায়ী যৌথ স্বাক্ষরসহ কমিশনারেট সদর দপ্তরে পেশ করতে বলা হয়েছে । এ ছাড়া রাজস্ব হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত তুলনামূলক বিবরণী পরবর্তী প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, এই নতুন আদেশ জারির মাধ্যমে এনবিআর এর আগে গত ৭ জুন জারীকৃত সাধারণ আদেশ নং-০১/মূসক/২০২৬ রহিত ঘোষণা করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন