‘শহীদ এবং আহতদের জন্য সরকার যে ধারায় কাজ করছে, তাতে আমি সন্তুষ্ট। তবে আরো দ্রুত এসব কাজ হলে ভালো হতো’। এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেই আমাদের রাষ্ট্র এগিয়ে যাবে। এই বিশ্বাস ও আস্থা রাখতে চাই। আমরা আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ অভিযাত্রা শুরু করেছি। সকল অসঙ্গতি, অন্যায় ও অবিচার থেকে বেরিয়ে এসে এ দেশ দারিদ্র্যমুক্ত, ধনী ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত কেমন আছে জুলাই ছাত্র-শ্রমিক গণঅভ্যুত্থানে নিহত গার্মেন্টস শ্রমিক পরিবার এবং আহত শ্রমিকেরা?’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলোচনা সভাটির আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
ফারুক-ই-আজম বলেন, আপনাদের ও আপনাদের সন্তান-স্বজনদের ত্যাগের মহিমা যেন কোনো অবস্থাতেই ম্লান না হয় -সেটি আমরা সবাই একতাবদ্ধভাবে খেয়াল রাখব। ইতিহাসে লেখা থাকবে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সমস্ত শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে একটি বিরল সংগ্রাম করেছেন।
জুলাই শহীদ পরিবার এবং আহত যারা আছে বর্তমান রাষ্ট্র তাদের সর্বাধিক গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা প্রকাশ, আহতদের চিকিৎসা সেবা, তাদের পরিবারকে দেওয়া অর্থ সহায়তা ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে বলেন।
আলোচনা সভায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রম ও সংস্কার কমিশনের প্রধান ও নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবেদ রাজা, আব্দুল কাদের হাওলাদার, বাবুল আখতার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

