অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

উত্তরায় অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

উত্তরায় অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে পেশাদার অপহরণকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম পারভেজ (৩৮), মো. সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছা. মায়া (২৫) ও মোছা. রুলি খানম (১৯)।

বিজ্ঞাপন

জানা গেছে, গত বুধবার বেলা ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের ৩৭ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সময় মুক্তিপণ বাবদ আদায় করা ১ কোটি ৪১ লাখ টাকা, ৬০ পিস ইয়াবা, দুটি সিসি ক্যামেরা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ২৬ মে আনুমানিক বিকাল ৫টা ৩০ মিনিটে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী রূপনগর আবাসিক এলাকার বাসা থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তী সময়ে ২৮ মে রাতে অজ্ঞাত এক ব্যক্তি অপহৃত শিক্ষার্থীর মায়ের মোবাইলে ফোন করে মেয়েকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি শিক্ষার্থীর মা উত্তরা পশ্চিম থানাকে অবহিত করেন।

সংবাদ পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী চক্রটিকে শনাক্ত করে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা করা হয়েছে।

থানা সূত্র আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন বয়সের কিশোরীদের চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে তাদের আটকে রেখে বিভিন্ন নগ্ন ভিডিও ও ছবি ধারণ করত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন